২৫টি কেন্দ্র দখল করে আ.লীগের জাল ভোট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে গতকাল সোমবার ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০৯টি কেন্দ্রের ২৫টি থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের সমর্থকেরা ওই এজেন্টদের মারধর করে বের করে দিয়ে জাল ভোট দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে এজেন্ট ও ভোটারদের মারধর করে আওয়ামী লীগের কর্মীদের কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ এনে দুপুরে পৃথক সংবাদ সমেঞ্চলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিন চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জন। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার, বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যার প্রার্থী হাসনা হাদী, বিএনপি-সমর্থিত ভাইস চেয়াম্যান প্রার্থী আজিম উদ্দিন ও বিএনপির ‘বিদ্রোহী’ ভাইস চেয়ারম্যার প্রার্থী আবদুল কাইয়ুম। তাঁরা পুনরায় গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
সকাল সোয়া আটটার দিকে উপজেলা পরিষদ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, আশরাফের কর্মীরা কেন্দ্রে ঢুকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দিচ্ছেন।
সকাল সাড়ে নয়টার দিকে পৌর এলাকার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারশূন্য মাঠ। বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে সরকারদলীয় প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে ভোট দিচ্ছেন। ওই কেন্দ্রের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্রে ঢুকে তাঁদের প্রার্থীকে ভোট দিতে বলেন। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলে আওয়ামী লীগের কর্মীরা তাঁকে মারধর করে বের করে দেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল নয়টার দিকে পৌর এলাকার আদর্শ শিশু নিকেতন কেন্দ্রে ব্যবসায়ী আবুল খায়ের ভোট দিতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাঁকে বাধা দেন। তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বলেন। আবুল খায়ের প্রতিবাদ করলে তাঁর মাথা ফাটিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা।
সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল কেন্দ্রের সামনে কয়েকজন ভোটার অভিযোগ করেন, তাঁরা ভোট দিতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের বের করে দেন। এ সময় এক ভোটার কেঁদে বলেন, ‘ভোট দিতে এসে মাইর খাইতে অইব জানলে আইতাম না।’ কেন্দ্রের ভেতরের সাতটি ভোটকক্ষে গিয়ে দেখা যায়, কোনো কক্ষেই বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট নেই। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুর রহমানকে থামিয়ে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এজেন্টরা বলেন, তাঁরা (বিএনপির এজেন্ট) খেতে গেছেন। এর আগে সকাল সাড়ে আটটার দিকে এই কেন্দ্রের বাইরে তিনজন সাধরণ ভোটারকে মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমছলন্দ আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও সাধারণ ভোটারদের বের করে দিয়ে জাল ভোট দেন। চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করেছিলের বাবুল আকন্দ। এ জন্য তাঁর বাবাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে আশরাফের মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।