সারা দেশের গ্রাহকদের জন্য কেব্ল টিভির মাসিক সংযোগ ফি ও ফিল্ড অপারেটরদের খরিদমূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী, ন্যূনতম ২৫টি পে-চ্যানেলসহ ৬০ বা তদূর্ধ্ব চ্যানেল প্রদর্শনের জন্য এই ফি সর্বোচ্চ ৩০০ টাকা ও ফিল্ড অপারেটরদের খরিদমূল্য প্রতি গ্রাহক সংযোগে ১০০ টাকা নির্ধারণ করা হয়।
গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্টের আদেশ বাস্তবায়নে ‘কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর ধারা ১৭ (৭) এবং ‘কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০’-এর বিধি-৭-এ প্রদত্ত ক্ষমতাবলে এ হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, ন্যূনতম ১০টি পে-চ্যানেলসহ মোট ৩০টি চ্যানেল প্রদর্শনের জন্য গ্রাহকপ্রতি মাসিক সংযোগ ফি সর্বোচ্চ ১৫০ টাকা ও ফিল্ড অপারেটরদের খরিদমূল্য প্রতি গ্রাহক সংযোগে ৫০ টাকা হবে। ন্যূনতম ১৫টি পে-চ্যানেলসহ ৪০টি চ্যানেলের জন্য এ ক্ষেত্রে ফি সর্বোচ্চ ২০০ টাকা ও ফিল্ড অপারেটরদের খরিদমূল্য ৬০ টাকা হবে। ন্যূনতম ২০টি পে-চ্যানেলসহ ৫০টি চ্যানেলের জন্য ফি সর্বোচ্চ ২৫০ টাকা ও ফিল্ড অপারেটরদের খরিদমূল্য ৮০ টাকা হবে। তথ্য বিবরণী।