২৫টি বাড়ি ও ৫০০ বিঘা জমি নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার লালপুর ও ঈশ্বরদী ইউনিয়নে পদ্মা নদীর উত্তর তীরের ব্লক বাঁধের পশ্চিমাংশে এক সপ্তাহে ২৫টি বাড়ি ও পাঁচ শতাধিক বিঘা জমি বিলীন হয়ে গেছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের দক্ষিণ অংশে ভয়াবহ ভাঙন চলছে। বিশেষ করে, দুই ইউনিয়নের তিলকপুর, লক্ষ্মীপুর, নবীনগর ও দক্ষিণ লালপুর গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের ফলে ধপাস ধপাস করে মাটির বড় বড় চাক নদীতে পড়ছে। বহু মানুষ ভাঙন দেখতে নদীর পাড়ে আসা-যাওয়া করছে। নদীপাড়ের ভীতসন্ত্রস্ত অনেক মানুষ বাড়িঘর ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে।লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, নদী থেকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক ২০০ মিটারেরও কম দূরে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ভবন ও ইউনিয়ন পরিষদ এক কিলোমিটারের মধ্যে রয়েছে। স্থায়ী বাঁধ সম্প্রসারণের দাবিতে স্থানীয় জনগণ বারবার মানববন্ধন করেছে, স্মারকলিপি দিয়েছে; কিন্তু কোনো সমাধান হচ্ছে না। নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক, হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।লক্ষ্মীপুর গ্রামের নিয়াত খামারু (৭০) জানান, গত এক সপ্তাহে তিলকপুর, লক্ষ্মীপুর ও নবীনগর গ্রামের ২৫-৩০টি পরিবারের বাড়ি ও আবাদি জমি নদীতে ভেঙে গেছে। এ এলাকার প্রায় ৫০০ বিঘা জমি বিলীন হয়েছে। তিলকপুর গ্রামের আকতার হোসেন (৪৫) বলেন, ‘আমাদের বসতভিটা, জমি নদী গ্রাস করছে। কেউ কিছু করা তো দূরের কথা, খোঁজও নেননি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ভাঙন প্রতিরোধ করা স্থানীয় সরকারের পক্ষে সম্ভব নয়। বিষয়টি উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। জেলা প্রশাসনকেও অবগত করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী সুধাংশু কুমার সরকার শনিবার ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বন্যার প্রাদুর্ভাব, নদীর গতিপথ পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এভাবে নদী ভাঙছে। ৫০০ মিটার বাঁধ সম্প্রসারণের জন্য সাড়ে তিন কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে বর্তমান অবস্থায় ভাঙন রোধ করতে প্রায় এক কিলোমিটার বাঁধ নির্মাণ করা জরুরি।স্থানীয় সাংসদ আবু তালহা বলেন, ‘বাঁধ নির্মাণের বিষয়টি সংসদে উপস্থাপন করেছি। ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি। আর্থিক সংকটের কারণে প্রকল্পটি অনুমোদনে বিলম্ব হচ্ছে।’