২৫টি বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচটিতে কোনো শৌচাগারই নেই। এতে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাগে হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নিকলীতে ৩৮টি সরকারি ও ১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি ২০টি ও বেসরকারি পাঁচটি বিদ্যালয়ে শৌচাগার ব্যবহারের অনুপযোগী। এ ২৫টি বিদ্যালয়ের অধিকাংশের ভবনই সাত-আট বছর আগে নির্মিত হয়। শৌচাগারগুলো তখনই করা হয়। এর মধ্যে শৌচাগারগুলো সংস্কার করা হয়নি। এ ছাড়া তিনটি সরকারি ও দুটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শৌচাগারই নেই।সরেজমিনে দেখা যায়, ভাটিবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উত্তর পাশে দুটি শৌচাগার আছে। দুটিই পরিত্যক্ত প্রায়। ৫৬৭ জন শিক্ষার্থীকে এখন বাধ্য হয়ে আশপাশের বাড়িতে যেতে হয়।ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, তাঁর বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি শৌচাগার। তা-ও আবার পাঁচ বছর যাবৎ নষ্ট।এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী জানায়, বিদ্যালয়ের শৌচাগার ব্যবহার করা যায় না। মেয়েরা লজ্জায় কারও বাড়ির শৌচাগার ব্যবহার করতে যায় না। অনেক সময় বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূঁইয়া বলেন, ‘আমি কয়েক দিন হয় নিকলীতে এসেছি। বিষয়টি আমার জানা নেই। তবে যেসব বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী, সেগুলো যত দ্রুত সম্ভব সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেব।’