২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘর ছাই
বরিশালের গৌরনদীতে গত বুধবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীসহ কমপক্ষে ৩৬ জন আহত হন। অগ্নিকাণ্ডে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোস্তফা খান জানান, বুধবার দিবাগত রাত দুইটায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার নিউ সুপার মার্কেটের জাহিদ কনফেকশনারিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ওই বিপণিবিতানের বাবুল ক্লথ স্টোর অ্যান্ড টেইলার্স, মেসার্স খান ট্রেডার্স, সরদার, মনির, হাসান, সাইয়েম ইলেকট্রনিকস, নুরু গার্মেন্টস, নিজাম স্টোর, সরদার টেলিকম, গৌরনদী কেব্ল সাব সেন্টার, সাজ বিউটি পারলার, সুমন গার্মেন্টসসহ ২৩টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিলকিস জাহান ও মনিরুজ্জামানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে আরও জানা গেছে, গৌরনদী, উজিরপুর ও বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় লোকজন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস, উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, পৌর মেয়র নূরে আলম হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।