কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের ২৫টির মধ্যে ১৪টি দপ্তর এখন কর্মকর্তাশূন্য। প্রায় প্রতিটি দপ্তরে রয়েছে জনবলসংকট। কর্মকর্তাদের অনেকে সপ্তাহে এক দিনের বেশি কার্যালয়ে আসেন না। এতে প্রশাসনিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। বিভিন্ন কার্যালয়ে গিয়ে জানা গেছে, মাঝে মাত্র চার মাসের জন্য উপজেলাবাসী সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাকে পান। এর আগে ও পরে ১৩ বছর ধরে পদটি শূন্য। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য নয় বছর। একই তালিকায় আছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতো প্রধান দুই কর্মকর্তার পদ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের ৬ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক মারা যান। পরে ভাইস চেয়ারম্যান মোশতাক আহামঞ্চদের ওপর পড়ে ভারপ্রাপ্তের ভার। গত ২০ সেপ্টেম্বর ইউএনও সেবাস্টিন রেমা কর্মস্থল ত্যাগের পর পদটি শূন্য। মিঠামইনের ইউএনও সাদিকুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। অষ্টগ্রামবাসী প্রাণিসম্পদ কর্মকর্তার শেষ দেখা পেয়েছিলেন ২০০৪ সালে। হিসাবরক্ষণ কর্মকর্তা নেই দুই বছর। কুলিয়ারচর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এখন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দুই বছর ধরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে কেউ নেই। ভৈরব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেফজুল বারীকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে। তিন বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একই চিত্র। ইটনা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুমন আছেন ওই পদের বাড়তি দায়িত্বে। শিক্ষা কর্মকর্তার পদটি গত সোমবার শূন্য হয়েছে। ওই কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিমের ওপর ভারপ্রাপ্তের দায়িত্ব পড়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তার তিনটি পদের বিপরীতে আছে মাত্র একটি। রেজাউল করিমই হলেন একমাত্র কর্তাব্যক্তি। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা প্রবীর কুমার দুই মাস আগে বিদায় নিয়েছেন। ওই অফিস চলছে এখন অফিস সহকারীর তত্ত্বাবধানে। এক বছর শূন্য থাকার পর কিছুদিন আগে কৃষি কর্মকর্তা যোগদান করলেও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দুটি ও ১৫টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কেউ নেই। বিআরডিবি কর্মকর্তা ও সহকারী কর্মকর্তা দুই বছর, মহিলাবিষয়ক কর্মকর্তা পাঁচ বছর, পরিসংখ্যান কর্মকর্তা দুই বছর, আনসার-ভিডিপি কর্মকর্তা চার বছর, সাব-রেজিস্ট্রার কর্মকর্তার পদ এক বছর ধরে শূন্য রয়েছে। এসব পদে পাশের উপজেলার নিজ নিজ বিভাগের কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ, যেসব দপ্তরে কর্মকর্তা আছেন, তাঁদের বেশির ভাগই সপ্তাহে এক দিনের বেশি কার্যালয়ে আসেন না। এতে উপজেলার উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রমও গতিহীন হয়ে পড়ছে। আবদুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার খান বলেন, ভারপ্রাপ্ত ও অতিরিক্ত কর্মকর্তা দিয়ে অধিকাংশ দপ্তর চলায় উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটছে। উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোশতাক আহমেঞ্চদ বলেন, ‘কী বলব। আমি নিজেই তো আছি ওই তালিকায়।’ জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পদ পূরণের জন্য আমরা মাসে মাসে চিঠি দিচ্ছি। কিন্তু লাভ হচ্ছে না। তারপরও উপায় খোঁজা হচ্ছে।’