সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় খাসজমির বিরোধ নিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনকে গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে।
উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের কুমা বিলের পাড়ের ১০ একর খাসজমি নিয়ে গ্রামের দুটি পাড়ার লোকজনের মধ্যে সাত বছর ধরে বিরোধ চলছে। ওই খাসজমির ডোবায় মাছ ধরা নিয়ে গত মঙ্গলবার ভূমিহীন মুসলমান পরিবারের কয়েকটি ঘরে হামলা চালান গ্রামের হিন্দুপাড়ার কয়েকজন ব্যক্তি। আহত হন তিনজন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে সালিসের উদ্যোগ নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগলুল হায়দার। কিন্তু সালিসের আগেই ভূমিহীন পরিবারগুলোর পক্ষ নিয়ে কয়েক শ লোক গ্রামের পালপাড়া, দেবপাড়া, রুদ্রপাড়া ও নাথপাড়ার অন্তত ২০টি ঘরবাড়িতে হামলা চালায়। এতে ১০ জন আহত হন। ওই ঘটনায় রাতে স্থানীয় ইউপি সদস্য হিরেশ পাল একই ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল আলমসহ ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন। দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসিকে গতকাল প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাস্তির দাবি: সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল জেলা শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ।