২৫০ প্রার্থীরই পছন্দ 'মোরগ' প্রতীক!
জামালপুরের সরিষাবাড়ীতে সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রার্থীর সংখ্যা প্রায় ৪ শ। তবে এসব ইউনিয়নের সাধারণ প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বী সবারই পছন্দ ছিল ‘মোরগ’ প্রতীক।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৪ শ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দে লটারি করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ইউনিয়নে ১২টি করে ওয়ার্ড রয়েছে। তাই ওয়ার্ড হিসেবে ৮৪টি সাধারণ সদস্য পদ রয়েছে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫০জন প্রার্থী। তাঁদের সবারই পছন্দ ছিল ‘মোরগ’ প্রতীক। তাই লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ডোয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মনিরুজ্জামান জানান, ‘চারজন প্রার্থীর মধ্যে লটারি করে মোরগ প্রতীক পেয়েছি।’
একই ওয়ার্ডের আরেক প্রার্থী আব্দুর রাজ্জাক জানান, ‘মোরগ প্রতীক চেয়েও পেলাম না। লটারির মাধ্যমে টিউবওয়েল প্রতীক পেয়েছি।’
আওনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোকন মিয়া জানান, ‘মোরগ প্রতীকটি ভোটাররা সহজে চিনতে পারবে তাই পছন্দ দিয়েছিলাম। লটারির মাধ্যমে মোরগ প্রতীক বরাদ্দ পেয়েছি।’
পোগলদিঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কহিনূর ইসলাম জানান, ‘এ ওয়ার্ডের চারজন প্রার্থীরই মোরগ প্রতীক পছন্দ ছিল। পরে লটারির মাধ্যমে আমি মোরগ প্রতীক পেয়েছি।’