২৫০ বাড়িতে ঝাড়ু ও মুখবন্ধনী দিয়েছে পল্লীমা গ্রিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষে পল্লীমা গ্রিন মাসব্যাপী ‘পরিচ্ছন্ন খিলগাঁও কর্মসূচি’ নামের পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার ২৫০টি বাড়িতে ঝাড়ু, গ্লাভস, মুখবন্ধনী ও বর্জ্য অপসারণ ব্যাগ সরবরাহ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পল্লীমা গ্রিন।
গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান বেলা ১১টা পর্যন্ত চলে। কর্মসূচি চলার সময় বাড়ির বাসিন্দারা তাঁদের বাসস্থানের আশপাশ পরিচ্ছন্ন করে তা বাড়ির সামনে রাখেন এবং সিটি করপোরেশনের কর্মী ও অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা সেগুলো সংগ্রহ করেন। পাশাপাশি পুরো খিলগাঁও এলাকার রাস্তাঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
পল্লীমা গ্রিন পল্লীমা সংসদের একটি অঙ্গপ্রতিষ্ঠান। গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ‘আমার বাসস্থান আমি পরিচ্ছন্ন রাখব—সবুজ খিলগাঁও গড়ে তুলব’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় পালিত কর্মসূচিতে খিলগাঁও জাগরণী সংসদ, রবি সংঘ, নাসফ ও রাশমনো জেনারেল হাসপাতাল অংশগ্রহণ করে।
কর্মসূচিতে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রাকিব উদ্দিন, ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান, সভাপতি এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং পল্লীমা গ্রিনের চেয়ারম্যান আনিসুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীমা গ্রিনের পরিবেশ সম্পাদক আনিসুল হোসেন।