২৫০ মিটারে ৫০টি গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমতলী-কলাপাড়া মহাসড়কের বরগুনার আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তা থেকে হাসপাতাল পর্যন্ত ২৫০ মিটারে অন্তত ৫০টি ছোট-বড় গর্ত রয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু প্রায় পাঁচ মিটারে একটি করে গর্ত রয়েছে। সংস্কার না করায় মহাসড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। গর্তে পড়ে প্রায়ই গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে।

পথচারী মো. রহমান খন্দকার বলেন, একটি মহাসড়ক এভাবে খানাখন্দে ভরা থাকার কথা নয়। যানবাহন তো বটেই, মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে।

অটোরিকশার চালক ইসহাক মিয়া বলেন, এই অংশে চলাচলের সময় তাঁর মনে হয় কখন জানি অটোরিকশা উল্টে যায়।

বাসমালিক আবদুল রাজ্জাক বলেন, আমতলীর চৌরাস্তা থেকে হাসপাতাল পর্যন্ত এত বেশি খানাখন্দ যে এতে যাত্রী ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিগগির এই অংশ সংস্কার হওয়া দরকার।

সওজ বিভাগের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকেশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, বৃষ্টির পরে সংস্কারকাজ শুরু হবে। তা ছাড়া খানাখন্দগুলো ইট ও বালু দিয়ে অল্প দিনের মধ্যেই সংস্কার করা হবে।