২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে ভারতের সঙ্গে এ মাসেই চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চলতি মাসেই একটি ক্রয় চুক্তি স্বাক্ষর হচ্ছে। ২৫ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় ২০১৩ সালের মার্চ নাগাদ দেশে বিদ্যুৎ আমদানি শুরু হবে। ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোতে যে দামে বিদ্যুৎ দেয়, বাংলাদেশকেও সেই দামে দেওয়া হবে। বিদ্যুতের দাম নির্ধারণ করে ভারতের কেন্দ্রীয় ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (সিইআরসি)।এ ছাড়া যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আগামী জুন মাসে আরেকটি চুক্তি সই হবে। ওই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) একটি যৌথ কোম্পানি গঠন করবে। ওই কোম্পানি বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। ২০১৫ সালের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসতে পারে বলে আশা করা হচ্ছে।গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) তৃতীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ ও ভারতের বিদ্যুৎসচিব পি উমা শংকর বক্তব্য দেন। তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।