২৫০ শয্যার জনবলে চলছে ৫০০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয় ২০০৮ সালে। প্রায় আট বছর পার হলেও এখনো ৫০০ শয্যার জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি।
হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ৭৫০ জন রোগী ভর্তি থাকে। এত রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বল্পসংখ্যক চিকিৎসক।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি নগরের বয়রা এলাকায় ৪০ দশমিক ২৫ একর জমির ওপর ‘খুলনা হাসপাতাল’ নামে যাত্রা শুরু করে আজকের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার হাসপাতাল পরিচালনার জন্য চিকিৎসকসহ কমপক্ষে ১ হাজার ৬৫০ জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে আছে ২৫০ শয্যার ৩৮২ জনবল। এখানে প্রথম শ্রেণির কর্মকর্তা ও চিকিৎসক প্রয়োজন ৭১৩ জন, বর্তমানে আছেন ৮১ জন। দ্বিতীয় শ্রেণির ২৫৬ জনের বিপরীতে আছেন ১৫১ জন, তৃতীয় শ্রেণির ১৭৮ জনের স্থলে রয়েছেন ৪২ জন। চতুর্থ শ্রেণির ৫০৩ জন কর্মচারীর জায়গায় ১০৮ জন কর্মরত আছেন। এ ছাড়া হাসপাতালটিতে ১৩০ জন ইন্টার্ন চিকিৎসক কাজ করছেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য এই হাসপাতালে সরবরাহ করা যন্ত্রপাতির মধ্যে গুরুত্বপূর্ণ ১৮টি যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো মেরামতের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেও কোনো ফল পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে হাসপাতালে দেখা যায়, প্রায় প্রতিটি ওয়ার্ডের মেঝে ও বারান্দায় শুয়ে আছেন রোগীরা। বাইরে বেশি রোগী দেখা গেছে ৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডেও রোগীর চাপ বেশি। শীতে জবুথবু হয়ে শুয়ে থাকা এসব রোগীকে পার হয়ে ওয়ার্ডের মধ্যে ঢোকাই কঠিন। ১০ নম্বর ওয়ার্ডের সামনে শুয়ে থাকা নড়াইলের কালিয়া থেকে আসা আছিয়া খাতুন বলেন, ‘পাঁচ দিন ধরে মেঝেতে শুয়েই কাটিয়ে দিয়েছি। বেডের (শয্যা) জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখন আশা ছেড়ে দিয়েছি। আমার যে ধরনের চিকিৎসা দরকার, তা এখানে পাচ্ছি না।’
জানতে চাইলে হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আলমগীর সরদার বলেন, ৫০০ শয্যায় উন্নীত হাসপাতালটির ২৫০ শয্যা উন্নয়ন খাতের অধীন এবং বাকি ২৫০ শয্যা রাজস্ব খাতের অধীন। কিন্তু উন্নয়ন খাত থেকে ২৫০ শয্যার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে না। ফলে রাজস্ব খাতের অর্থ দিয়ে উন্নয়ন খাতের ২৫০ শয্যার খরচ চালাতে হচ্ছে। শুধু তা-ই নয়, ৫০০ শয্যার বাইরে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় বরাদ্দও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিকিৎসাধীন গরিব রোগীরা অসহায় হয়ে পড়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) চিকিৎসক আনন্দ মোহন সাহা প্রথম আলোকে বলেন, একটি মেডিকেল কলেজ হাসপাতালে যেসব সুবিধা ও যন্ত্রপাতি প্রয়োজন, তা এই হাসপাতালে নেই। এ ছাড়া হাসপাতালটি জনবলসংকটে আছে দীর্ঘদিন। স্বল্প জনবল দিয়ে অধিক মানুষকে সেবা দিতে হচ্ছে। ৫০০ শয্যার জনবল পাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ফল মেলেনি।