
২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের দশম দিনে গতকাল সোমবার শিক্ষার্থীরা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
গতকাল সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন। এরপর সেখানে সমাবেশ ও পরে সড়কের ওপর আধা ঘণ্টা শুয়ে থাকেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন। কিন্তু তাতে শুধু ৩০ শয্যার মেডিসিন ওয়ার্ড চালু হওয়া ছাড়া আর কিছু হয়নি। ফলে চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে পারছেন না। এর আগে তাঁরা কয়েক দিন সাড়ে তিন কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করেছেন। কিন্তু সব সময় এভাবে ক্লাস করা সম্ভব নয়। ২৫০ শয্যার হাসপাতাল চালু হলে তাঁরা ভালোভাবে সব শিখতে পারবেন। তাই যত দিন ২৫০ শয্যার হাসপাতাল চালু না হবে তত দিন এ আন্দোলন চলবে। হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা (আইটেম, কার্ড) ও ওয়ার্ড—সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
পঞ্চম বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, এর আগে আন্দোলন করেও কোনো লাভ হয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান বলেন, সমস্যা সমাধানের জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৫ নভেম্বর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালক আবদুর রশিদ, জেলা পরিষদের প্রশাসক মুনসুল আহমেদ, জেলা প্রশাসক নাজমুল আহসানসহ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) স্থানীয় নেতারা সমস্যা সমাধানের লক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সভা করেন। এ সময় আ ফ ম রুহুল হক বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে। এর অন্যথা হলে তিনিও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামবেন। কিন্তু শিক্ষার্থীরা সে সময় তাঁর বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অরিন আক্তার, সালমান আমির, আবদুল্লাহ আল-মামুন, চতুর্থ বর্ষের আসলাম হোসেন প্রমুখ।