২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। ছাত্রছাত্রীরা কলেজের সব কটি ভবনে তালা ঝুলিয়ে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, গতকাল সকাল নয়টার দিকে প্রশাসনিক ভবনসহ সব কটি ভবনের কক্ষে তাঁরা তালা ঝুলিয়ে দেন। শ্রেণিকক্ষ ছেড়ে শিক্ষার্থীরা বাইরে চলে আসেন। তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা অবস্থা নেন।
সেখানে বক্তব্য দেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মিনাক কুমার বিশ্বাস, আলমগীর কবির, সব্যসাচী বিশ্বাস ও চতুর্থ বর্ষের ছাত্র আহসান হাবিব। বক্তারা বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না করা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস বলেন, ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিক। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ ঢাকায় রয়েছেন। তিনি আজ রোববার এলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
গত ৪ এপ্রিল ওই মেডিকেল কলেজের ২৫০ শয্যা হাসপাতালের ভবন উদ্বোধন করা হয়। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ২৫০ শয্যার হাসপাতাল।