২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক ১৬ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসক-সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে চিকিৎসকের ৫৮টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৬ জন। এতে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।এদিকে সার্জারির সিনিয়র কনসালটেন্ট না থাকায় সাধারণ অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চিকিৎসক-সংকটের কারণে বেশির ভাগ ক্ষেত্রে চিকিৎসা সহকারী দিয়ে বহির্বিভাগের কার্যক্রম চলছে।হাসপাতাল সূত্র জানায়, প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিয়েই ২০০৫ সালে হাসপাতালটি ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য বিভাগ, বরিশালের পরিচালক এস এম আবুল খায়ের স্বাক্ষরিত এক আদেশে পটুয়াখালী হাসপাতালে গত ২১ জুন ১৭ জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃতদের সাত দিনের মধ্যে হাসপাতালে যোগদান করতে বলা হয়। কিন্তু মাত্র চারজন চিকিৎসক নির্ধারিত সময়ে যোগদান করেন। তাঁদের মধ্যে দুজন আবার এক মাসের মধ্যে তাঁদের নিজ নিজ এলাকায় বদলি হয়ে যান।গত ১৮ মে হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে ওবায়দুল কবিরকে নিয়োগ দেওয়া হয়। তাঁকে ২ আগস্ট বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা হিসেবে বদলি করা হয়। এতে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।জনবল কাঠামো অনুযায়ী হাসপাতালটিতে তত্ত্বাবধায়কসহ ৫৮ জন চিকিৎসকের পদ থাকার কথা। এর মধ্যে ৪২টি শূন্য। হাসপাতালে কোনো সহকারী পরিচালক নেই। সিনিয়র কনসালটেন্টের ১০টি পদ থাকলেও সার্জারি, শিশু, মেডিসিন, ইএনটি, গাইনিসহ বিভিন্ন বিভাগে চিকিৎসকের নয়টি পদ শূন্য।জুনিয়র কনসালটেন্টের ১১টি পদে কর্মরত আছেন মাত্র ছয়জন। চিকিৎসা কর্মকর্তার ১০টি পদ থাকলেও কর্মরত আছেন চারজন। সহকারী রেজিস্ট্রারের ১১টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র তিনজন। এ ছাড়া আবাসিক সার্জনসহ চিকিৎসকের আরও তিনটি পদ শূন্য আছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লোকমান হাকিম বলেন, চিকিৎসক-সংকটের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক-সংকটের কারণে এখানে সাধারণ অস্ত্রোপচার বন্ধ রয়েছে। বহির্বিভাগেও চিকিৎসকের পাশাপাশি চিকিৎসা সহকারীদের দিয়ে সেবা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, শুধু চিকিৎসক নিয়োগ দিলেই সমস্যার সমাধান হবে না। তাঁদের যোগদান নিশ্চিত করতে হবে এবং যোগদানের পর তদবির করে যাতে অন্যত্র বদলি হয়ে যেতে না পারেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি।