মৌলভীবাজার সদর হাসপাতালকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার দুই বছর হয়ে গেছে। কিন্তু পুরো ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ না করায় এখনো হাসপাতালটি চালু করা যায়নি। কিছু চিকিৎসক নিয়োগ হলেও তাঁদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় ১০০ শয্যাবিশিষ্ট পুরোনো হাসপাতাল ভবনেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা। সেখানেও রয়েছে চিকিৎসক-সংকটসহ নানা সমস্যা।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৬ মে থেকে গণপূর্ত বিভাগ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। ব্যয় ধরা হয় ১২ কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ২০১০ সালের জুন মাসের মধ্যে।এরই মধ্যে ২০০৮ সালের ২৬ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মৌলভীবাজার সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দেয়। সে অনুযায়ী ২৫০ শয্যার হাসপাতালের পদ সৃষ্টি করে কিছু জনবল নিয়োগ দেওয়া হয়। কিন্তু ভবনটি ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে চালু হওয়ার মতো প্রস্তুত করা হয়নি। ফলে গণপূর্ত বিভাগের কাছ থেকে এখনো নতুন ভবনের দায়িত্ব নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যেসব কাজ বাকি: হাসপাতালের নতুন ভবনের লিফট স্থাপন, সামনের ফটক, নতুন ও পুরোনো ভবনের সংযোগপথ, নালা ও গাড়ির গ্যারেজ নির্মাণ করা হয়নি। শেষ হয়নি ভবনের সামনের সৌন্দর্য বর্ধনের কাজ। পানি সরবরাহের জন্য গভীর নলকূপ এবং সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতের জন্য জেনারেটর স্থাপন করা হয়নি। মর্গের রাস্তাসহ হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তা, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন-সংকট নিরসনে নতুন বাসস্থান নির্মাণ করা হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি পুরোনো অবকাঠামোর বাসস্থান। নির্মিত হয়নি হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের জন্য মানসম্মত স্টোর। পুরোনো ভবনের সেপটিক ট্যাংক ময়লায় ভর্তি হয়ে উপচে বাইরে পড়ছে। নতুন ভবনের জন্য নতুন ট্যাংক স্থাপন করা হয়নি। নতুন ভবনের পুরো কাজ শেষ করতে মৌলভীবাজারের সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) বরাবরে চিঠি দিয়েছেন। এ প্রসঙ্গে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ অনুযায়ী যে কাজ হওয়ার কথা, তা ২০১০ সালের জুনের মধ্যেই শেষ হয়ে গেছে। বাকি কাজ করতে নতুন বরাদ্দ প্রয়োজন। এ জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা টাকার অপেক্ষায় আছি।’ সমস্যা জনবল নিয়োগেও: হাসপাতাল সূত্র জানিয়েছে, ২৫০ শয্যা হাসপাতালে নতুন ও পুরোনো মিলে চিকিৎসক ও কর্মকর্তার পদ আছে ৫৩টি। এর মধ্যে আছেন মাত্র ১৯ জন। ৩৪টি পদই শূন্য। গত বছরের ২৬ মে থেকে পর্যায়ক্রমে একজন সহকারী পরিচালক ও ছয়জন কনিষ্ঠ পরামর্শক (জুনিয়র কনসালটেন্ট) নিয়োগ দেওয়া হয়। কিন্তু কাজে যোগদানের পর থেকে তাঁরা কেউই এখন পর্যন্ত বেতন-ভাতা পাননি। এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়নি। হাসপাতালে জ্যেষ্ঠ স্টাফ নার্সের ৪১টি এবং ওয়ার্ড বয়, আয়া, দারোয়ান/নিরাপত্তা প্রহরী, পাচক/মশালচি, ইলেকট্রিশিয়ান, এমএলএসএস, মালি ও পরিচ্ছন্নতাকর্মীর ৪৯টি পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু কাউকে নিয়োগ দেওয়া হয়নি। পূরণ করা হয়নি হাসপাতালের তত্ত্বাবধায়কের পদও। এতে প্রশাসনিক, আর্থিক ও নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। পুরোনো ভবনে চিকিৎসাসেবা ব্যাহত: সদর হাসপাতালের পুরোনো ভবনে শয্যা-সংকটে রোগীদের গাদাগাদি করে প্রায়ই মেঝেতে আশ্রয় নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে একই বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে রোগীর সংখ্যা দিনদিন বাড়লেও রয়েছে চিকিৎসকের সংকট। বিদ্যুৎ চলে গেলে নেই বিকল্প ব্যবস্থা।চিকিৎসা কর্মকর্তাদের ভাষ্য: সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) কান্তিভূষণ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসা কর্মকর্তা ১১ জনের মধ্যে মাত্র তিনজন আছেন। প্রতিদিন ৫০০-৬০০ রোগী আসে। চিকিৎসক-সংকটে বহির্বিভাগ ও জরুরি বিভাগে মারাত্মক সমস্যা হচ্ছে।’জেলা সিভিল সার্জন মো. গোলাম রাজ্জাক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১০০ শয্যার সদর হাসপাতাল চলছে ৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো দিয়ে। ২৫০ শয্যার হাসপাতাল চালু হলে কার্যক্রম সম্প্রসারিত হবে। তখন রোগীর চাপ কমবে। কিন্তু ভবনের কাজ এখনো শেষ হয়নি।’ সিভিল সার্জন জানান, ভবনের কাজ সম্পূর্ণ করা, সব শূন্যপদে নিয়োগ দেওয়া এবং নিয়োগ পাওয়া চিকিৎসকদের বেতন-ভাতা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছেন। তবে এখনো কোনো জবাব পাননি।