২৫০ শিক্ষার্থীকে সামলান একজন শিক্ষক!
শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। তাদের জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। এই একজন শিক্ষক দিয়েই কয়েক দিন ধরে চলছে পাঠদান কার্যক্রম। অবস্থা এতটাই খারাপ যে ওই শিক্ষককে দৌড়ে দৌড়ে ক্লাস নিতে হচ্ছে। এই করুণ অবস্থা পটুয়াখালীর গলাচিপা উপজেলার রাঙ্গাবালী-নিজহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মীর আবদুল জলিল জানান, বিদ্যালয়ের তিনজন শিক্ষকের মধ্যে আফরোজা সুলতানা সাত-আট মাস আগে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে অন্যত্র চলে যান। এরপর ৩ অক্টোবর আরেক শিক্ষক তাহমিদা সুলতানাকে পটুয়াখালীর আউলিয়াপুরের একটি বিদ্যালয়ে বদলি করা হয়। এখন প্রধান শিক্ষক মো. মতিউর রহমান একাই ২৫০ জন শিক্ষার্থীকে পাঠদানের চেষ্টা করছেন। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক মো. মতিউর রহমান বলেন, ‘দুজন শিক্ষক চলে যাওয়ার পর এখানে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আমার একার পক্ষে ২৫০ জন শিক্ষার্থীকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না।’গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান বলেন, ‘আমরা শিগগিরই ওই বিদ্যালয়ের সব শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করব।’