২৫০টি সোনার বারের মালিক কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি মার্কেটে পাওয়া সিন্দুক থেকে উদ্ধার করা ২৫০টি সোনার বার ও ৬০ লাখ টাকা কার, তা গত আট মাসেও জানা যায়নি। সোনা ও টাকার মালিকানা দাবি করে এখন পর্যন্ত কেউ পুলিশের কাছে আসেনি। আদালতের নির্দেশে উদ্ধার করা সোনা ও টাকা বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের ভল্টে জমা রাখা হয়েছে।

অপরদিকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চট্টগ্রামে একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গত সাড়ে ছয় মাসেও জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হয়নি লুট হওয়া সোনাও।

গত ২৫ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ভেতরের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনটি সিন্দুক জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সেগুলো থানায় নিয়ে খোলা হয়। তিনটি সিন্দুকের মধ্যে একটিতে ২৫০টি সোনার বার পাওয়া যায়। প্রতি বারে ১০ ভরি সোনা রয়েছে। আরেকটি সিন্দুকে পাওয়া যায় ৬০ লাখ টাকা। অপর সিন্দুকটি খালি ছিল।

পুলিশ জানায়, ওই দুটি কক্ষ জুতার গুদাম হিসেবে ব্যবহারের জন্য ভাড়া নিয়েছিলেন ফটিকছড়ির বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী আবু আহমেদ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব আহমেদ বাদী হয়ে আবু আহমেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন-চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। এই ঘটনায় জড়িত সন্দেহে আবু আহমেদের চাচাতো ভাই এনামুল হককে গত ১১ মে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৩ জুন তিনি জামিনে মুক্তি পান।

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সোনার বার ও টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। আবু আহমেদকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক তথ্য পাওয়া যেত। তিনি জামিনে থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।

অবশ্য আসামি আবু আহমেদ বলেন, উদ্ধার করা সোনা ও টাকা তাঁর নয়। তিনি দুবাইতে থাকেন। সেখানে তাঁর দোকান রয়েছে। তাঁর দাবি, বাহার মার্কেটের ওই গুদাম তিনি ভাড়া নেননি।

গত ২৯ ফেব্রুয়ারি নগরের হাজারী গলির বিশ্বকর্মা বুলিয়ন জুয়েলার্সের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দী ২০৫ ভরি সোনা (গলানো পাত) নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাঁদের দুজনকে ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুই যুবক পাহাড়তলী স্টেশন ফাঁড়ির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁদের কাছ থেকে ২০৫ ভরি সোনা কেড়ে নেওয়া হয়। এ ঘটনার পরদিন দায়িত্বে অবহেলার অভিযোগে মেজবাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া মেজবাহর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে সোনা লুটের অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে থানায় বাদী হয়ে মামলা করেন কর্মচারী পলাশ চক্রবর্তী। এই মামলায় মেজবাহ এখন জামিনে রয়েছেন।

প্রথমে মামলাটির তদন্ত করে রেলওয়ে থানা-পুলিশ। গত ২৫ মার্চ মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

মামলাটির তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মেজবাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। লুট হওয়া সোনা উদ্ধার ও জড়িতদের শনাক্তের কাজ চলছে।

মামলাটি তদারকি করছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, লুট হওয়া সোনা উদ্ধার এবং ওই দুই যুবককে গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

বিশ্বকর্মা বুলিয়ন জুয়েলার্সের মালিক বিধান ধর বলেন, গ্রাহকদের চাহিদামতো বিভিন্ন নকশার অলংকার তৈরির ২০৫ ভরি সোনা গলিয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু লুট হয়ে যাওয়ায় গ্রামের বাড়ির জায়গা বিক্রি করে ও ঋণ নিয়ে গ্রাহকদের টাকা পরিশোধ করছেন তিনি। এখনো সবার টাকা শোধ করা সম্ভব হয়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও লুট হওয়া সোনা উদ্ধারের দাবি জানান।