দেশের বিভিন্ন স্থানে গত সোমবার পুলিশের ওপর হামলা এবং তাঁদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের প্রায় আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলা হয়েছে। বিভিন্ন থানায় পুলিশের করা এসব মামলায় সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৬২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: সোমবার দুপুরে বগুড়া শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রাতেই বগুড়া শহর ও বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৪৩ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। এঁদের মধ্যে রয়েছেন দুপচাঁচিয়া উপজেলা আমির মুনসুর আলী, শেরপুর শহর আমির নাজমুল হক, উপজেলা রাজনৈতিক সেক্রেটারি রেজাউল করিম, কর্মপরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও আবদুল হক।বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক বলেন, গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। তিনটি মামলায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।রাজশাহী: সোমবার রাতে নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ৩৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানার পুলিশ আটজন করে, মতিহার থানার পুলিশ সাতজন ও মহানগর গোয়েন্দা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, নেতা-কর্মীদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছে। এ ছাড়া নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।কুষ্টিয়া: পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির আবদুল ওয়াহিদ, নায়েবে আমির ফরহাদ হোসাইন, সেক্রেটারি শাহজাহান আলী মোল্লা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাতনামা আরও ৩২০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় সোমবার গভীর রাতে সদর উপজেলা থেকে দুজন, মিরপুর থেকে চারজন ও ভেড়ামারা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে ২৪ জনকে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।সাতক্ষীরা: সোমবার পুলিশের ওপর হামলা, কাজে বাধা, শহরে সড়ক বন্ধ করে ত্রাস সৃষ্টি ও জনগণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা ও পাটকেলঘাটা থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৬৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে।নোয়াখালী: জামায়াত-শিবিরের হামলায় আহত সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৩৯৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে ৪৬ জনের নাম রয়েছে। বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাতেই শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলামসহ ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সায়েম শাহকে (৩৫) সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে তিন নেতা-কর্মীকে। এর আগে ৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়।জয়পুরহাট: জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ৭৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় গতকাল জেলা শহর থেকে দুই জামায়াত নেতা ও সোমবার রাতে পাঁচবিবি উপজেলার জামায়াতের শ্রম সম্পাদক আবদুস ছালামসহ তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।নীলফামারী: শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতেই সদর উপজেলা জামায়াতের আমির আবু হেলাল, জেলা শিবিরের সভাপতি নূর ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমানসহ ২৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ জনকে। আসামিদের মধ্যে সোমবার বিকেলেই চারজনকে গ্রেপ্তার করা হয়।দিনাজপুর: সোমবার বিকেলে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৫৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ নেতা-কর্মীকে।ফরিদপুর: সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলা সদরে মিছিলের পর জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ: নাশকতা সৃষ্টির অভিযোগে সোমবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ছয়জনকে। ভোলা: সোমবার বিকেলে জামায়াতের মিছিল থেকে তিন কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।গাইবান্ধা: গতকাল ভোরে শহরের ডেভিড কোম্পানিপাড়ার একটি ছাত্রাবাস থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ: জেলার পাঁচ উপজেলা থেকে সোমবার রাতে জামায়াতের ১৯ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মিরসরাই (চট্টগ্রাম): উপজেলার বারইয়ারহাটে সোমবার ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল করায় ২৩ জনকে আসামি করে মিরসরাই থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করে পুলিশ। রাতেই উপজেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।জুড়ী (মৌলভীবাজার): পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার রাতে জামায়াতে ইসলামীর জুড়ী উপজেলার আমির আবদুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১২০ জনকে।মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার বড়মাছুয়া বাজার থেকে সোমবার দিবাগত রাতে জামায়াত-শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।রায়পুর (লক্ষ্মীপুর): গোপন কার্যক্রমে তৎপর থাকার অভিযোগে সোমবার রাতে উপজেলার তাঞ্জিমুন ইসলাম একাডেমি থেকে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করে তাঁর কম্পিউটার।আদমদীঘি (বগুড়া): গোপন সভা করার অভিযোগে সোমবার রাতে উপজেলার একটি ছাত্রাবাস থেকে শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়।