কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ২৮টি শিক্ষকের পদে কর্মরত আছেন মাত্র ১৩ জন। কলেজে একজন শিক্ষক দিয়ে চলছে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের পাঠদান।
কলেজ থেকে জানা গেছে, কলেজে শিক্ষকের ২৮টি পদের মধ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ১৩ জন কর্মরত আছেন। এর মধ্যে তিনজন প্রশিক্ষণে এবং একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। নয়জন শিক্ষক দিয়েই চলছে কলেজের পাঠদান। উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা মোট দুই হাজার ৬৯৮। এর মধ্যে একাদশ শ্রেণীতে ৫৬৭ ও দ্বাদশ শ্রেণীতে ৫০৭ এবং স্নাতক প্রথম বর্ষে ৮৮৯, দ্বিতীয় বর্ষে ৩০৭ ও তৃতীয় বর্ষে ২৬৭ জন শিক্ষার্থী রয়েছেন।
কলেজে কৃষিবিজ্ঞান, সমাজকল্যাণ ও অর্থনীতি বিষয়ের কোনো শিক্ষক নেই। চলতি বছর থেকে তথ্যপ্রযুক্তি, মার্কেটিং এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিমা—এ তিনটি বিষয় বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত এগুলোর জন্য কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি।
বাংলার তিনটি শিক্ষক পদের একটি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তিনটির মধ্যে দুটি, হিসাববিজ্ঞানে দুটির মধ্যে একটি ও ব্যবস্থাপনা বিভাগে তিনটির মধ্যে দুটি শিক্ষকের পদ শূন্য রয়েছে। ইংরেজি, জীববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণে এবং বাংলা বিষয়ের একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
ইংরেজি বিষয়ের একমাত্র প্রভাষক হালিমা আক্তার বলেন, ‘আমাকে একাই কলেজের সব শিক্ষার্থীকে ইংরেজি বিষয়ে পাঠদান করতে হয়। এর মধ্যে আমাকে সেপ্টেম্বর থেকে চার মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণে যেতে হয়েছে। বর্তমানে আমি প্রশিক্ষণে আছি।’ তিনি আরও বলেন, ‘ইংরেজি বিভাগে শিক্ষকের পদ দুটি। এর মধ্যে দুটি পদই প্রভাষকের। ২০১২ সালের প্রথম দিকে প্রভাষক আবদুল ওয়াসিম প্রেষণে অন্য প্রতিষ্ঠানে চলে যান। এ অবস্থায় আমি প্রশিক্ষণে থাকায় একজন খণ্ডকালীন শিক্ষক এনে ক্লাস চালানো হচ্ছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, কলেজে ইংরেজি ও বাংলা বিষয়ে একজন করে শিক্ষক থাকায় নিয়মিত ক্লাস হয় না। তাঁরা অবিলম্বে শিক্ষক নিয়োগ করে সঠিকভাবে পাঠদান করার দাবি জানান।
কলেজের উপাধ্যক্ষ শাহজাহান মিয়া বলেন, অন্য কলেজ থেকে খণ্ডকালীন একজন ইংরেজির শিক্ষক এনে পাঠদান চালানো হচ্ছে। অন্য বিষয়গুলোও জোড়াতালি দিয়ে চলছে।
অধ্যক্ষ কে এম রেজাউল হক বলেন, বর্তমানে একজন শিক্ষক দিয়েই ইংরেজি বিষয়ে পাঠদান চলছে। ইংরেজি শিক্ষক প্রশিক্ষণে চলে যাওয়ায় খণ্ডকালীন একজন শিক্ষক এনে পাঠদান চালানো হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।