২৫১ কোটি টাকা আত্মসাৎ, ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমপি) মনজেরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ঘটনার সময় মনজেরুল ইসলাম জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক ছিলেন। পরে মহাব্যবস্থাপক হিসেবে তিনি সেখান থেকে অবসরে যান। বর্তমানে শাহজালাল ব্যাংকে ডিএমপি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আজ বৃহস্পতিবার উপপরিচালক সামসুল আলম রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মনজেরুল ছাড়া অন্য আসামিরা হলেন—জনতা ব্যাংকের সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংক লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, লোকাল অফিসের সাবেক ব্যবস্থাপক এ এস এম জহিরুল এবং মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের মালিক মো. টিপু সুলতান।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের মতিঝিলের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজিং লিমিটেডের নামে আমদানি রপ্তানির ঋণপত্র (এলসি) খুলে মালামাল আমদানি না করে টাকা স্থানান্তর করে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আসামিরা ওই অর্থ ব্যাংকে থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। সে পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করেন অনুসন্ধানকারী কর্মকর্তা।