২৫১৮ শিক্ষার্থীকে বৃত্তির টাকা দিল ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে বৃত্তির চিঠি নিচ্ছেন এক শিক্ষার্থী  ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে বৃত্তির চিঠি নিচ্ছেন এক শিক্ষার্থী ছবি: প্রথম আলো

মাত্র ছয় মাস বয়সে বাবাকে হারানোর এক মাস পরই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সুরাইয়া আহমেদ। জীবনের শুরুতেই অন্ধকারে ঢেকে যায় তাঁর পৃথিবী। পাড়া প্রতিবেশীর কটু কথা, সবার উপেক্ষার মতো নানা প্রতিবন্ধকতা ঠেলে বড় হতে থাকেন সুরাইয়া। নীরবে চোখের জল ফেলা ছাড়া মা-মেয়ের বেশি কিছু করার ছিল না।
সেই সুরাইয়া এখন বড় হয়েছেন। উচ্চমাধ্যমিক পাস করে তিনি এখন রাজধানীর তিতুমীর কলেজে স্নাতকের ছাত্রী। কৃতী শিক্ষার্থী হিসেবে আরও অনেকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি পেয়েছেন হার না মানা এই তরুণী।
ডাচ্-বাংলা ব্যাংকের ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় গতকাল শনিবার আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সুরাইয়ার সঙ্গে কথা বলে জানা গেল তাঁর সংগ্রামের কাহিনি। চোখের আলো নিভে গেলেও সুরাইয়া কিছুতেই থেমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে গেছেন। ২০১৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলও করেছেন। সেই সাফল্যের জন্য পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুরাইয়া জানান, তাঁর জীবনে এখন দুজন অভিভাবক। একজন তাঁর মা, অন্যজন ডাচ্-বাংলা ব্যাংক!
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির অর্থ এখন সুরাইয়ার মতো অনেক কৃতী শিক্ষার্থীর স্বপ্নপূরণে সাহস জুগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত এমনই দুই হাজার ৫১৮ জন শিক্ষার্থীকে গতকাল বৃত্তির টাকা দিয়েছে ব্যাংকটি। ২০১৩ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়।
রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গারবেন ডি জং। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও বৃত্তিপ্রাপ্ত একাধিক শিক্ষার্থী।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা এবং পাঠ্য উপকরণ ও পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক ছয় হাজার টাকা দেওয়া হবে। এ পর্যন্ত ডাচ্-বাংলা শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ২১ হাজার ৪২৬ জন শিক্ষার্থীকে ১১৬ কোটি টাকার বৃত্তি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারের অভাবনীয় সাফল্য থাকলেও এখনো সেখানে কিছু ফাঁকফোকর রয়ে গেছে। প্রতিবন্ধীদের পরিপূর্ণভাবে এ সুবিধার আওতায় আনা সম্ভব হয়নি। তবে ডাচ্-বাংলা ব্যাংক প্রতিবন্ধীদের বৃত্তি দেওয়ার মাধ্যমে তাঁদের শিক্ষার সুযোগকে সহজ করে দিয়েছে।
অর্থমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে মানুষের মনে যে বিশ্বাস তৈরি হয়েছে, সেটি যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়।