২৫৩ নারী পেলেন সাক্ষরজ্ঞান সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে সাবিনাকে সঙ্গে নিয়ে সাক্ষরজ্ঞান সম্পন্ন করার সনদ নিতে এসেছেন লিলি বেগম। দীর্ঘ ৯ মাস ‘সাক্ষর মা বিদ্যালয়’-এ শিক্ষা গ্রহণ শেষে সনদ হাতে পেয়ে আনন্দে তাঁর দুচোখ ছলছল করছিল। জীবনের এই লগ্নে এসে এভাবে স্বাক্ষর ও বর্ণমালা শিখতে পারার স্বীকৃতি পেয়ে তাঁর মতো আবেগে আপ্লুত হয়ে পড়েন সাক্ষর মা বিদ্যালয়ের ২৫৩ জন বয়স্ক নারী।
গতকাল বুধবার সকালে বরগুনার তালতলী উপজেলার তাঁতিপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ২৫৩ জন নারীর হাতে সাক্ষরজ্ঞান অর্জনের সনদ তুলে দেওয়া হয়।
তালতলী উপজেলার প্রত্যন্ত পল্লি সোনাকাটা, নিশানবাড়িয়া ও বড়বগী গ্রামের এই ২৫৩ জন অক্ষরজ্ঞানহীন নারী ৯ মাস ধরে সাক্ষর মা বিদ্যালয়ে পড়াশোনা শেখেন। এখন তাঁরা বাংলা বর্ণমালা পড়তে পারেন এবং লিখতে পারেন বাংলা ও ইংরেজি।
স্টুয়ার্ড শিপ ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এফএইচ অ্যাসোসিয়েশনের বয়স্ক সাক্ষরতা কার্যক্রম প্রকল্পের আওতায় অক্ষরজ্ঞানহীন এই বয়স্ক নারীরা সাক্ষরজ্ঞান অর্জন করেন।
গতকাল বুধবার সকালে তাঁতিপাড়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে জীবনসায়াহ্নে এসে শিক্ষার আলোয় আলো ছড়ানো ২৫৩ জন সাক্ষর নারীকে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম।
এফএইচের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী গৌতম চন্দ্র দাসের সভাপতিত্বে সনদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান। বক্তব্য দেন এফএইচের ই এম রমজান আলী, শিক্ষক জালাল উদ্দিন, ইউপি সদস্য জলিল ফকির, কবিরুল ইসলাম প্রমুখ।