২৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মো. দেলোয়ার হোসেন নামের একজন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবুল কাশেম পান ১৫৮ ভোট। গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আবছার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৬৪টি। এর মধ্যে বৈধ ভোট পড়ে ৭৪৯টি। নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে নয়জন এবং সংরক্ষিত মহিলা আসনে তিনজন বেসরকারিভাবে নির্বাচিত হন।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে লোকজন ভোট দিতে পারায় তিনি খুশি। সংরক্ষিত আসনে নির্বাচিত তিনজন সদস্য হলেন রাহেনা আক্তার, রোমা আক্তার ও কোহিনুর আক্তার। সাধারণ ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, মো. মজিবুর রহমান, বেলাল উদ্দিন, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ জসিম, মো. রিটন, মো. শাহাদাৎ হোসেন ও মো. সাহাবউদ্দিন। সাধারণ ওয়ার্ডে সর্বনিম্ন ২৪ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন মোহাম্মদ জামশেদ। সাধারণ ওয়ার্ডে অন্য আটজনের প্রাপ্ত ভোট ১০০-এর নিচে।প্রসঙ্গত, ১৯৮৩-৮৪ সালে সন্দ্বীপের এই ইউনিয়ন নদীতে ভেঙে যায়। বিলীন হওয়া ওই জায়গায় আবার চর জাগতে শুরু করে। চরে নতুন করে মানুষ বসতি গড়ে তুললে ২০১০ সালে এ ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়। গতকাল এ নতুন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।