রাজধানীর যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) জন্য ২৫৫টি সিএনজিচালিত বাস কিনবে সরকার। এসব বাসের ১৫০টি এসি ও ১০৫টি নন-এসি। দক্ষিণ কোরিয়ার ঋণসহায়তায় এগুলো কেনা হবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।বৈঠক শেষে বাস কেনার দরপ্রস্তাব অনুমোদনের কথা উল্লেখ করে রাজধানীর যানজট নিরসনে প্রাইভেট কারের ওপর বিধিনিষেধ আরোপের চিন্তার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, তবে এটা করার আগে অবশ্যই পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হবে। সরকার যখন মনে করবে ঢাকার রাস্তায় পর্যাপ্ত জনপরিবহন রয়েছে, ঠিক তখনই প্রাইভেট কার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে।সূত্র জানায়, বাস কিনতে ব্যয় হবে ২১১ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে ঋণসহায়তার পরিমাণ ১১২ কোটি ১০ লাখ টাকা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে কোরিয়ার মেসার্স দাইয়ু ইন্টারন্যাশনাল করপোরেশন বাসগুলো সরবরাহ করবে।অর্থমন্ত্রী বলেন, একটি প্রাইভেট কারে চার-পাঁচজন না হলে তা রাস্তায় চলতে পারবে না। রাজধানীর বেশকিছু রাস্তায় প্রাইভেট কার চলাচল করতেও দেওয়া হবে না। কবে নাগাদ এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।অর্থমন্ত্রী বলেন, আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যানজট। বাকি যে অভিযোগগুলো বিএনপি করে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন।ক্রয় কমিটির বৈঠকে এ ছাড়া খাদ্যের মজুদ বাড়াতে এক লাখ টন গম ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করার প্রস্তাবও অনুমোদন করা হয়। এগুলোর কাজ পেয়েছে কোরিয়ার দাইয়ু করপোরেশন, ভারতের মেসার্স এম সন্স ইন্টারন্যাশনালের স্থানীয় এজেন্ট এশিয়ানেট ইন্টারন্যাশনাল, ফনিক্স কমোডিটিজ প্রাইভেট লিমিটেড। অন্যদিকে ৯৫০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে রেলওয়ে বিভাগের পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে রেলওয়ের পাঁচুরিয়া-ফরিদপুর-ভাঙ্গা সেকশনের পুনর্বাসন ও নির্মাণের দুটি প্রকল্প, পার্বতীপুর-কাঞ্চন-পঞ্চগড় ও কাঞ্চন-বিরল মিটার গেজ সেকশনকে ডুয়েল গেজে এবং বিরল বর্ডার সেকশনকে ব্রডগেজে রূপান্তর ও পুনর্বাসনের তিনটি প্রকল্প।বৈঠকে ঢাকার ডেমরায় নবনির্মিত শহীদ সুলতানা কামাল সেতু, মোহাম্মদপুরের বছিলায় নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতুর অতিরিক্ত ব্যয় ও সেতু দুটির পরামর্শক প্রতিষ্ঠানের অতিরিক্ত সেবাসংক্রান্ত তিনটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০ কোটি ৯৬ লাখ টাকা। তবে ঢাকার মিরপুরে আনন্দনগর আবাসিক প্রকল্প নির্মাণ শীর্ষক একটি প্রকল্প ফেরত দিয়ে সংশোধন করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।