২৫৬ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২৫৬ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ১৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে মেয়র মো. মনিরুল হক ওরফে সাক্কু ওই বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে কোনো ধরনের নতুন কর আরোপ বা বৃদ্ধি করা হয়নি। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর নির্বাচিত প্রথম মেয়রের এটি তৃতীয় বাজেট।
বাজেটে নগরের অবকাঠামো নির্মাণ, সড়ক, নালা, বর্জ্য অপসারণ, সৌন্দর্যবর্ধনসহ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৪৭ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৭৩১ টাকা। সরকারি ও অন্যান্য বিদেশি অনুদান ধরা হয়েছে ২২২ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৭১১ টাকা৷ রাজস্ব ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৯ কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৩৩৩ টাকা।
মেয়র বলেন, ‘সীমিত সম্পদের মধ্য দিয়ে নগরবাসীর উন্নয়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর নগরের সৌন্দর্যবর্ধন, নালা পরিষ্কার ও সড়ক মেরামতের জন্য কাজ করে যাচ্ছি। বিদেশিদের কাছ থেকে অর্থ পাওয়ার জন্য দফায় দফায় সভা করেছি। নগরের যানজট নিরসনের জন্য সিটি করপোরেশন থেকে কমিউনিটি পুলিশ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে প্রধান সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণসহ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বাজেট ঘোষণাকালে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত, কুমিল্লা জেলা বিএমএর সভাপতি গোলাম মহিউদ্দিন দীপু প্রমুখ।
প্রসঙ্গত, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে এর আয়তন ৫৩ দশমিক শূন্য ৪ বর্গকিলোমিটার, লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ এবং ওয়ার্ডের সংখ্যা ২৭টি।