২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালন করবে জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবি সামনে রেখে ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালন করবে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল নয়টায় ফুলবাড়ীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা এবং বেলা ১১টায় নিমতলী মোড়ে সমাবেশ করা হবে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হবে।রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে গতকাল শুক্রবার সকালে জাতীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও জাতীয়ভাবে ফুলবাড়ী দিবস পালনের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, গণঅভ্যুত্থানের পর ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জনগণের প্রাথমিক বিজয় সূচিত হলেও চক্রান্ত থামেনি। সরকার বদলালেও দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে সরকারি ভূমিকার কোনো পার্থক্য দেখা যায় না। তিনি বলেন, মুখচেনা কতিপয় পরামর্শক, গণমাধ্যম মালিক, বিজ্ঞাপনী সংস্থা, মন্ত্রী, আমলা এখন দেশের সর্বনাশ করে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করছে। এদের অপতৎপরতা বন্ধ না হলে প্রয়োজনে এদের বিরুদ্ধে গণআদালত গঠন করা হবে।আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ী চুক্তি অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ফুলবাড়ী অঞ্চলে তালাবদ্ধ করে রাখা এশিয়া এনার্জির অফিস অবিলম্বে সরাতে হবে। বড়পুকুরিয়া এলাকায় কৃষকদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার করতে হবে। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল ও খনিজসম্পদ রপ্তানি নিষিদ্ধের আইন প্রণয়ন করতে হবে। রেন্টাল ও কুইক রেন্টালের পথ বন্ধ করে টেকসই পথ নিতে হবে। দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে প্রকল্প গ্রহণ ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো চলবে না।জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, অন্যান্য স্থানের আন্দোলন থেকে ফুলবাড়ীর আন্দোলন আলাদা হওয়ায় এটি বিশেষ নজরের দাবি রাখে বলে দিবসটি পালনের গুরুত্ব রয়েছে।সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় সম্পদ রক্ষার জন্য জীবন দেওয়ার কারণে ২৬ আগস্ট স্মরণীয়। শহীদদের স্মরণে অন্যান্য জাতীয় দিবসের মতোই যথাযোগ্য মর্যাদায় এ দিনটি পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্যদের মধ্যে রুহিন হোসেন, ম. ইনামুল হক, জোনায়েদ সাকী, রাগীব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীসহ ছয় থানার বাঙালি-আদিবাসী নারী-পুরুষ ও শিশুসহ লক্ষাধিক মানুষ এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতির ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। সেদিন সংঘর্ষে তিন তরুণ প্রাণ হারান। গুলিবিদ্ধ হন ২০ জন এবং আহত হন দুই শতাধিক মানুষ। এরপর থেকে প্রতিবছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।