২৬ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের যানজট নিরসনে রাজধানীতে ২৬ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে।গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির প্রেসিডেন্ট প্রেমচাই কর্নাসুতা চুক্তিতে স্বাক্ষর করেন।সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) এই উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়িত হবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছয় মাসের মধ্যে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হতে পারে। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০১৩ সালের ডিসেম্বর মাসে।চুক্তি স্বাক্ষরের আগে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ঢাকা মহানগরের যানজট ও জনভোগান্তি নিরসনে সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি গ্রহণ করেছে। সরকারের মেয়াদকালে এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরের উত্তরাংশের সঙ্গে মধ্যবর্তী, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব অংশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকে সংযুক্ত করবে। সেতু কর্তৃপক্ষ জানায়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী-মগবাজার-কমলাপুর-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত লিংকসহ এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য হবে প্রায় ২৬ কিলোমিটার।এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭০৩ কোটি টাকা। এতে মোট বিনিয়োগের ২৭ শতাংশ দেবে সরকার। নির্মাণকালে এবং অপারেটিং পর্যায়ে দুই ধাপে সরকারের অংশ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান।সেতু কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয় ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড।সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য জমি ও পুনর্বাসন ব্যয় বহন করবে সরকার। এর বাইরে নির্মাণ ব্যয়ের ২৭ ভাগ সরকার এবং ৭৩ ভাগ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি বহন করবে।