২৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ ভাঙাচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শরীয়তপুর-সখীপুর সড়কের বিভিন্ন স্থান ভাঙাচোরা থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। ছবিটি গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও এলাকা থেকে তোলা l প্রথম আলো
শরীয়তপুর-সখীপুর সড়কের বিভিন্ন স্থান ভাঙাচোরা থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। ছবিটি গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও এলাকা থেকে তোলা l প্রথম আলো

বেহাল সড়ক ৭৫

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

শরীয়তপুর শহর থেকে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা সদরের দূরত্ব ২৬ কিলোমিটার। এই সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ ও ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ফলে পথচারী ও যাত্রীদের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক ভাঙাচোরা থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর শহর থেকে ভেদরগঞ্জের সখীপুর পর্যন্ত সড়কটি ২০০০ সালেপাকা করা হয়।

শরীয়তপুর শহরথেকে আটং এলাকা পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পৌরসভার আওতাধীন। আটং থেকে ভেদরগঞ্জ উপজেলার জাজিহার পর্যন্ত সাত কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। জাজিহার থেকে ভেদরগঞ্জ উপজেলা সদর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। ভেদরগঞ্জ থেকে সখীপুর পর্যন্ত ১২ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন।

পাঁচ বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। বছর না ঘুরতেই ওই সড়কে খানাখন্দ তৈরি হতে থাকে। বর্তমানে প্রায় পুরো সড়কটি খানাখন্দ ও গর্তে ভরা। বরাদ্দ না থাকায় কোনো কর্তৃপক্ষই সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে পারছে না।

শরীয়তপুর-সখীপুর সড়কটি দিয়ে ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের লোকজন জেলা শহরে যাতায়াত করেন।

এ ছাড়া এই সড়ক দিয়ে শরীয়তপুরের লোকজন চাঁদপুর যাতায়াত করেন। সড়কটি এমন বেহাল থাকায় লোকজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। 

শরীয়তপুর শহরের বাসিন্দা সখীপুর হাজী শরীয়তউল্লাহ কলেজের প্রভাষক দীপ্তি ঘোষ প্রতিদিন অটোরিকশা ও মোটরসাইকেলে এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নয় বছর যাবৎ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছি। চার বছর ধরে সড়কটি দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। ২৬ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

সখীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা নবীন দাস বলেন, ‘প্রতিদিন শরীয়তপুর পৌর এলাকা থেকে এই সড়ক দিয়ে স্ত্রীকে তার কর্মস্থল সখীপুরের তারবনিয়ায় পৌঁছে দিই। তারপর নড়িয়ায় এসে অফিস করি। মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি। সড়কটি খারাপ থাকায় অনেক কষ্ট হয়, শরীর ব্যথা হয়ে যায়।’

শরীয়তপুর-সখীপুর সড়কের ইজিবাইকচালক আনোয়ার হোসেন বলেন, সড়কটির ১০০ মিটার জায়গাও ভালো নেই। প্রায়ই গর্তের মধ্যে পড়ে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর এভাবে একটি সড়ক কীভাবে চলাচলের অনুপযোগী থাকতে পারে?

শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌরসভায় এই মুহূর্তে অর্থ বরাদ্দ না থাকায় ভাঙা সড়ক সংস্কার করা যাচ্ছে না। শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘কিছুদিন আগে সড়কের আমাদের আওতাধীন অংশের কিছু গর্ত সংস্কার করা হয়েছিল। বর্ষা মৌসুমে বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে। আমরা দ্রুত সড়কের ওই অংশটি সংস্কার করার জন্য চেষ্টা চালাচ্ছি।’

এলজিইডি শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলীসাজ্জাদ হোসেন বলেন, সড়কটি সংস্কার করার মতো অর্থ বরাদ্দ নেই। সড়কটি সংস্কারের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়া পর্যন্ত সড়কটি সংস্কার করা যাচ্ছে না।