২৬ কিলোমিটারে ৩৯ গতিরোধক
মাদারগঞ্জ থেকে জামালপুরের পাঁচ রাস্তা পর্যন্ত দূরত্ব ২৬ কিলোমিটার। এ সড়কে ছোট-বড় মিলিয়ে ৩৯টি গতিরোধক রয়েছে। এটুকু রাস্তায় এত গতিরোধক থাকায় যাত্রী ও গাড়িচালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা অপ্রয়োজনীয় গতিরোধকগুলো তুলে নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসী ও যানবাহনের চালকেরা জানান, আগে ২৬ কিলোমিটার পার হতে সময় লাগত ৪০ থেকে ৫০ মিনিট। অতিরিক্ত গতিরোধকের কারণে এখন এ রাস্তা অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে দেড় ঘণ্টা। শুধু মাদারগঞ্জ সীমান্ত থেকে রশিদপুর বাজার (২১ কিলোমিটার) পর্যন্ত ৩৭টি গতিরোধক রয়েছে। কোনো কোনো বাজারে চার-পাঁচটি গতিরোধক নির্মাণ করা হয়েছে। এ কারণে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গাড়ির মালিক জানান, অতিরিক্ত গতিরোধকের কারণে বারবার গাড়ি ব্রেক কষতে হয়। এতে করে প্রতিদিন প্রতিটি গাড়ির কোনো না কোনো মূল্যবান যন্ত্রাংশে ত্রুটি দেখা দিচ্ছে। বারবার ব্রেক কষায় ঝাঁকুনিতে যাত্রীরা বিরক্ত হন। কখনো কখনো তাঁরা আহত হচ্ছেন। দুর্ব্যবহার করছেন চালক ও তাঁর সহকারীর সঙ্গে।
পৌর এলাকার চর চাঁদপুর গ্রামের জুলফিকার আলী বলেন, ‘এখনই অতিরিক্ত গতিরোধকগুলো তুলে ফেলা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অপ্রয়োজনীয় গতিরোধকগুলো তুলে ফেলার দাবি জানাচ্ছি।’
সরেজমিনে দেখা গেছে, সড়কের ভাপতি বাজার এলাকায় আধা কিলোমিটারে পাঁচটি গতিরোধক রয়েছে। স্থানীয় লোকজন মনে করেন, এর তিনটিই অপ্রয়োজনীয়।
বেশির ভাগ গতিরোধকই উঁচু। মাদারগঞ্জ পৌর এলাকার গাবের গ্রাম তালুকদার বাড়ির মোড়ে গতিরোধক দুটি অনেক উঁচু। রাস্তায় গতিরোধকের আগে-পরে কোনো চিহ্ন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন চালকেরা। ফলে আগে থেকে সতর্ক হতে পারছেন না তাঁরা।
পৌর এলাকার বালিজুড়ি বাজারে ওষুধ ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে চলতে অনেক কষ্ট হয়। সব সময় আতঙ্কের মধ্যে থাকি, কখন দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত গতিরোধকগুলো অপসারণের দাবি জানাচ্ছি।’
জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোরাদুজ্জামান স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘যাত্রী ও গাড়িচালকদের অভিযোগের শেষ নেই। কিন্তু আমাদের এ ব্যাপারে কিছুই করার নেই।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জামালপুরের উপবিভাগীয় প্রকৌশলী মো. তানভীর হোসেন বলেন, ‘সওজের রাস্তায় কোনো গতিরোধক দেওয়া হয় না। কোনো নিয়মও নেই। জনগণের চাপে গতিরোধক দিতে হয়। আমরা গতিরোধকের ওপর রংও দিয়েছি। কিন্তু গতিরোধকগুলো বালু বা ময়লায় ঢেকে যাওয়ায় তা দেখা যায় না। এলাকাবাসী হুইপ মির্জা আব্বাসের সুপারিশসহ একটি দরখাস্ত করলে আমরা গতিরোধকগুলো তুলে ফেলব।’