বান্দরবান সংসদীয় আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন, বীর বাহাদুর বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে লামা-নাইক্ষ্যংছড়িতে ২৬টি ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা নিয়েছেন।
গতকাল শুক্রবার তাঁর বাসভবনে এক সংবাদ সমেঞ্চলনে তিনি ওই কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি ও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম তারিকুল ইসলাম বলেছেন, উভয় পক্ষের বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনা ও নির্বাচনী দিনের আশঙ্কা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সমেঞ্চলনে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, চকরিয়া ও কক্সবাজার সংলগ্ন এলাকাগুলোতে নাইক্ষ্যংছড়ি এবং লামা উপজেলায় ২৬টি ভোটকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও ঘড়ি প্রতীকের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়েছে। এ কাজের জন্য বীর বাহাদুর চকরিয়া ও কক্সবাজার থেকে সন্ত্রাসী ভাড়া করেছেন। ওই সন্ত্রাসীরা এ পর্যন্ত কয়েকবার গোপন বৈঠক করেছে বলে তারা জানতে পেরেছেন বলে প্রসন্ন কান্তির প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কাশেম চৌধুরী জানিয়েছেন।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর বাহাদুরের ঘনিষ্ঠ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো রকম অসুস্থ নির্বাচনের পরিকল্পনা নেওয়ার প্রশ্নই আসে না। বরং প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার পক্ষে জনসংহতি সমিতি ও তাদের সশস্ত্র শাখা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এবং ঘড়ি প্রতীকে ভোট না দিলে হুমকি দেওয়া হচ্ছে। তবে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা এ কে এম তারিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের পাশাপাশি প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য বিজিবি ও সেনাবাহিনীর একটি করে স্ট্রাইকিং ফোর্স রাখা হবে।