রাজধানীতে ‘এশিয়ান পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দলিত কনসার্নস’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত
২৬ কোটি দলিতকে পেছনে রেখে এসডিজি অর্জন সম্ভব নয়
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ২৬ কোটি দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন একটি সম্মেলনে অংশ নেওয়া বক্তারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘এশিয়ান পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দলিত কনসার্নস’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এশিয়ার দেশগুলো কীভাবে আরও সমন্বিতভাবে কাজ করতে পারে, সেটাই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত এবং নেপালের অন্তত ১৮ জন সাংসদ ছাড়াও বিভিন্ন দলিত ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বলা হয়, বিশ্বের প্রায় ২৬ কোটি দলিত মানুষের মধ্যে ৮০ শতাংশেরই বাস দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে ভারতে সর্বাধিক ২০ কোটি দলিত মানুষের বসবাস। এ ছাড়া নেপালে ১ কোটি ৩৬ লাখ, শ্রীলঙ্কায় ৫০ লাখ, বাংলাদেশে ৪৫ লাখ এবং পাকিস্তানে ২০ লাখ দলিত মানুষ বসবাস করেন। কিন্তু সমাজের বৃহৎ একটি জনগোষ্ঠী হয়েও এখনো দলিত মানুষ তাঁদের জাত-পাত ও পেশার কারণে নানা প্রতিবন্ধকতা ও অস্পৃশ্যতার শিকার হন। ফলে প্রত্যেক দেশেই উন্নয়ন সূচকে তাঁরা সবচেয়ে নিচে অবস্থান করছেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া দলিত রাইটস ফোরামের (এডিআরএফ) চেয়ারপারসন পল দিবাকর। তিনি বলেন, যদি সব দলিত মানুষকে একটি জায়গায় রাখা হয়, তাহলে সে জায়গাটি কয়েকটি রাষ্ট্রের সমান হবে। অথচ সভ্যতার এই যুগে বিশ্বের বৃহৎ একটি জনগোষ্ঠীর প্রতি সামাজিক ও রাষ্ট্রীয় যে দৃষ্টিভঙ্গি তার কোনো পরিবর্তন হয়নি। বিশ্বের অধিকাংশ জায়গায় এসব দলিত মানুষের কোনো ভোটাধিকার নেই, রাষ্ট্রে বসবাস করেও তাঁরা রাষ্ট্রের আনুকূল্য থেকে বঞ্চিত। মানে তাঁদের কোনো স্বীকৃতিও নেই।
তাই প্রান্তিক এই জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এবং তাঁদের সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য কয়েকটি দাবি ওঠে এ সম্মেলনে। এগুলোর মধ্যে রয়েছে দলিত মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, বিশেষ কর্মসূচি এবং বাজেটে আলাদা অর্থ বরাদ্দের মাধ্যমে তাঁদের উন্নয়নের ধারায় নিয়ে আসা, সামাজিক পরিসরে দলিত মানুষের প্রতি নেতিবাচক ধারণা পরিবর্তনের উদ্যোগ নেওয়া এবং তাঁদের সমাজের অংশীদার করে তোলা, আইনগত সেবাপ্রাপ্তির জায়গাটি নিশ্চিত করা ইত্যাদি। এসব দাবি পূরণে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য দলিত অধ্যুষিত রাষ্ট্রগুলোর সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, রাজনৈতিকভাবেই বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য মো. ইসরাফিল আলম। বক্তব্য দেন নেপালের সাংসদ ও সম্মেলনের আহ্বায়ক মিন বাহাদুর বিশ্বকর্মা, ভারতের রাজ্যসভার সাংসদ রামদাশ আথাওয়াল, নেপালের সাংসদ সীমা কুমারী বিশ্বকর্মা এবং বাংলাদেশের সাংসদ শামসুল আলম দুদু, লুৎফা তাহের ও উম্মে কুলসুম স্মৃতি।