কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শেরেবাংলা ছাত্রীনিবাসের ২৬ কোটি টাকার জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে। প্রায় পৌনে এক একর সম্পত্তি এখন ঝোপজঙ্গলে ভরা। দিনে-দুপুরে ও রাতে মাদকসেবীরা সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত সেটি সংস্কার করে আবাসনব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে। কলেজের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সালে শহরের দক্ষিণ চর্থা এলাকার ২৪১ নম্বর মনোহরপুর মৌজার অন্তর্গত আরএস ১১৬১ দাগের দশমিক ৭৪ একর জমিতে শেরেবাংলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। ওই ছাত্রাবাসে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্ররা ছিল। এর পর থেকে ছাত্রাবাসটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। একতলাবিশিষ্ট লম্বাকৃতির ছাত্রাবাসটি বহু প্রাচীন এবং বসবাসে ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ছাত্রদের থাকা বন্ধ করে দেওয়া হয়। পরে জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ ২০০৩-০৪ অর্থবছরে পুরোনো ভবনটি ভেঙে নতুন করে আধাপাকা ভবন নির্মাণ করে। ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবনে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ওঠানো হয়নি। ২০০৫ সালে ওই ছাত্রাবাসের নাম পরিবর্তন করে ‘ছাত্রীনিবাস’ করা হয়। তবে এখন পর্যন্ত সেখানে কোনো ছাত্রী ওঠানো হয়নি। কলেজ কর্তৃপক্ষ সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেনি। দীর্ঘদিন অরক্ষিত থাকার কারণে ছাত্রীনিবাসের ভেতরে বহিরাগতরা প্রবেশ করে থাকে। তারা সেখানে মদ ও জুয়ার আসর বসায়। একই সঙ্গে পার্শ্ববর্তী কুমিল্লা সরকারি মহিলা কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ অবস্থায় ২০০৫ সালের জুলাই মাসে ১০ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর দেওয়া হয়। সীমানাপ্রাচীর দেওয়ার পর উচ্চমাধ্যমিক শাখার ছাত্রীদের কাছ থেকে ছাত্রীনিবাসে ভর্তির আবেদন চাওয়া হয়। তখন প্রায় ৩০০ জন ছাত্রী আসন বরাদ্দের জন্য আবেদন করে। অজ্ঞাত কারণে সেখানে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হয়নি। এর পর থেকে সেটি অব্যবহূত অবস্থায় আছে। নগরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আহমেদ শোয়েব বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের ওই জায়গা অব্যবহূত অবস্থায় আছে। ৭৪ শতক জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৯০ লাখ টাকা। এভাবে জায়গা পরিত্যক্ত না রেখে দ্রুত শিক্ষার্থীদের আবাসনব্যবস্থার সুযোগ করা উচিত।গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভবনের ভেতরে মলমূত্র। সেখানে নানা প্রজাতির লতা ও গাছ গজে উঠেছে। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য কোনো ছাত্রীনিবাস নেই। প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি ছাত্রী। এর মধ্যে গ্রামাঞ্চল থেকে আসা ছাত্রীদের কোনো থাকার জায়গা নেই। শুনেছি, সেখানে একটি ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।’ কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এভাবে জায়গা অব্যবহূত থাকা ঠিক নয়।’