২৬ কোটি টাকার বাজেট প্রস্তাব সশস্ত্র বাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ২৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। গত সপ্তাহে নির্বাচন কমিশন সচিবালয়ে এই প্রস্তাব পাঠানো হয়। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনেই একক প্রার্থী। এই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ফলে এই বাজেট কাটছাঁট করে কমিয়ে আনা হতে পারে। আগামী শুক্রবার নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ে সভায় এসব বিষয়ে আলোচনা হবে।

চলতি মাসের শুরুতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য একটি নথি উত্থাপন করা হয়েছিল। কিন্তু কমিশন তাতে কোনো মতামত দেয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা সভায় সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলোচনা করে নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী কোথায়, কীভাবে মোতায়েন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর সশস্ত্র বাহিনী বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে সাতক্ষীরা, নোয়াখালী, বগুড়া, গাইবান্ধাসহ আরও কয়েকটি সহিংসতাপ্রবণ জেলায় নির্বাচনী মালামাল সরবরাহে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হতে পারে। অন্যান্য জেলায় পুলিশ, র‌্যাব ও বিজিবির সহযোগিতায় মালামাল পাঠানো হবে। কমিশন সচিবালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি জেলায় এক ব্যাটালিয়ন সেনা সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এ
সংখ্যায় কোনো পরিবর্তন আসবে কি না, তা সশস্ত্র বাহিনী বিভাগ ঠিক করবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর জয়ের সম্ভাবনা নেই: কমিশন সচিবালয় জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কারও জয়ের সম্ভাবনা নেই। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও নির্বাচন কমিশন ৩৮ জনকে একক প্রার্থী ঘোষণা করে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে নির্বাচন কমিশন গত রোববার দুপুরে জরুরি বৈঠক করে। ওই বৈঠকে আর কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়। কমিশন সচিবালয় সোমবার জানিয়েছে, সব মিলিয়ে ১৫৪টি আসনে একক প্রার্থী। ফলে ৫ জানুয়ারি এসব আসন বাদে ১৪৬টি আসনে ভোট গ্রহণ হবে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি দল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৪৬, জাতীয় পার্টির ৮৫, জেপির ২৮, জাসদের ২৪, বিএনএফের ২২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৮, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ছয়, তরীকত ফেডারেশনের তিন, বাংলাদেশ খেলাফত মজলিশের দুই এবং গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন করে প্রার্থী আছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন ১০৩ জন।

কমিশন সচিবালয় জানায়, একক প্রার্থী থাকায় এবার জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার ভোটারদের ভোট দিতে হবে না। জেলার সব আসনে ভোট হবে পঞ্চগড়, রংপুর, চুয়াড়াঙ্গা, ঝিনাইদহ, বরগুনা, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। বাকি জেলাগুলোর আংশিক আসনে ভোট হবে। সর্বোচ্চ সাতজন প্রার্থী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। রাঙামাটিতে ছয়জন এবং খাগড়াছড়ি ও কুমিল্লা-১ আসনে পাঁচজন করে প্রার্থী আছেন। এ ছাড়া ১৭টি আসনে চারজন, ৪৬টি আসনে তিনজন এবং ৭৯টি আসনে দুজন করে প্রার্থী আছেন।

ভোট হতে যাওয়া ১৪৬টি আসনের মোট ভোটার সংখ্যা চার কোটি ৩৬ লাখ আট হাজার ৬৭০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৮ হাজার ১২৩টি।