শেরপুরের চার উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় প্রায় ২৬ কোটি টাকা মূল্যের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার সদর, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার ২০ ইউনিয়নের ৩২ হাজার ১১০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সরকারিভাবে এখনো পর্যাপ্ত সাহায্য পাওয়া যায়নি।
উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলায় চলতি মৌসুমে ৭৭ হাজার ২৯০ হেক্টর জমিতে রোপা আমন, ৫ হাজার ৯৮০ হেক্টর জমিতে বীজতলা ও ৩ হাজার ৮১৫ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছিল। কিন্তু আগস্ট মাসে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ২ হাজার ৪৪০ হেক্টরের রোপা আমন, ৫৭ হেক্টর বীজতলা ও ১০০ হেক্টরের সবজির আবাদ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
কৃষি বিভাগের হিসাবমতে, এই প্রাকৃতিক দুর্যোগে রোপা আমন ধানে ২৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার, বীজতলায় ৫১ লাখ ৩০ হাজার ও সবজি আবাদে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। অর্থাৎ দুর্যোগে কৃষকের শস্যের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ১৮ হাজার টাকা। কিন্তু বন্যা–উত্তর কৃষি পুনর্বাসনে কৃষকদের জন্য সরকারিভাবে পর্যাপ্ত সাহায্য পাওয়া যায়নি।
বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার জঙ্গলদী নয়াপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘তিন একর জমিতে আমন আবাদ করছিলাম। তাতে খরচ হইছিল প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু বন্যায় সম্পূর্ণ আবাদ নষ্ট হইয়া গেছে। হাতে কোনো টাকাপয়সা নাই। সরকার থাইক্যাও কোনো সাহায্য পাই নাই।’
উপজেলার জঙ্গলদী গ্রামের প্রান্তিক চাষি কলিমউদ্দিন বলেন, ‘কৃষিকাজ কইরা সংসার চালাই। ১৬ কাঠা (৮০ শতাংশ) জমি বর্গা নিয়া বোরো আবাদ করছিলাম। সব ধান নষ্ট হইয়া গেছে। অহন জমির মালিকরে কী দিমু আর নিজেই বা কী নিমু। ক্যামনে চলব আমগর দিন। সরকারের কাছে আমরা বাঁচার জন্য সাহায্য চাই।’
বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের অন্তত ২০ জন কৃষক বলেন, ঘরে যে বীজধান ছিল, তা দিয়ে মৌসুমের শুরুতে বীজতলা করে ফেলেছিলেন। এখন মৌসুমের যে সময়টুকু হাতে আছে, তাতে সরকারের পক্ষ থেকে আমন ধানের বীজ বা বীজতলা পেলে তাঁরা আবার ঘুরে দাঁড়াতে পারতেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক আশরাফ উদ্দিন গত রোববার বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। বন্যার পানি সরে যাওয়ার পর কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে ৪ উপজেলায় ২৪০ জন কৃষকের মধ্যে ১ বিঘা করে জমির সমপরিমাণ আমন চারা বিতরণ করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়া গেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ‘নাবি’ (বিলম্বে উৎপাদন সহায়ক) জাতের ধান রোপণের পরামর্শ দেন।