২৬ গ্রাহক আজও বিদ্যুৎ পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে লাইন টেনে সংযোগ দেওয়ার সব প্রক্রিয়া শেষ করা হলেও খুলনার ডুমুরিয়া উপজেলার তৈয়েবপুর গ্রামের পল্লী বিদ্যুতের ২৬ জন গ্রাহক আজও বিদ্যুৎ পাননি। এতে ওই গ্রাহকদের পরিবারের ৩০০ সদস্য সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। টাকা দেওয়ার পরও বিদ্যুতের সংযোগ না পেয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তৈয়েবপুর গ্রামে ২৬ দরিদ্র জেলে পরিবার বাস করে। বিদ্যুতের আশায় টাকা খরচ করে তারা দুই বার ওয়ারিং করেছে। বিদ্যুৎ কার্যালয়ের লোকদের পেছনেও অনেক টাকা খরচ করেছে সংযোগ পেতে।সরেজমিনে তৈয়েবপুর জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, বিদ্যুতের ১৪ খাম্বা থেকে ২৬টি ঘরের মিটারের বোর্ড পর্যন্ত সংযোগ তার টানা হয়েছে এবং প্রতিটি ঘরে ওয়ারিং করা আছে। কিন্তু কোনো ঘরেই বিদ্যুৎ সরবরাহ করা হয়নি।এ প্রসঙ্গে তৈয়েবপুর গ্রামের বাসিন্দা ও বিদ্যুৎগ্রাহক নিত্যানন্দ বিশ্বাস বলেন, ‘২০০৩ সালে খাম্বা পুঁতে লাইন টানে রাখেছে। আমাগে ঘরে ঘরে ওয়ারিং করায়ে রাখিছি। কিন্তু লাইন দেচ্ছে না।’তৈয়েবপুর গ্রামের ২৬ পরিবারের কাছ থেকে ৮০০ করে টাকা তোলার কথা স্বীকার করে বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘২০০৮ সালের শেষে বিদ্যুৎ অফিসের ইকরামুল হককে আনে ওয়ারিং সার্টিফিকেট নিতি তারে প্রত্যেক মিটারেত্তে দেড় শ করে টাকা দিলাম। পরে সরকার মিটার দেওয়া বন্ধ করে দেলো।’খুলনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভিলেজ ইলেক্ট্রিশিয়ান ইকরামুল হক বলেন, ‘আমি তৈয়েবপুর গ্রামে প্রত্যেকের ওয়ারিং বাবদ ১০০ টাকা করে ফি নিছি। সেখানে বিদ্যুৎ সংযোগ প্রদানের সকল কাজ শেষ। কিন্তু এখন তো মিটার দেওয়া বন্ধ।’খুলনা বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ইউনুস আলী বলেন, ওই গ্রামের ওয়ারিং কার্যক্রম সব ঠিক আছে। কিন্তু ২০০৯ সাল থেকে মিটার দেওয়া বন্ধ বলে লাইন দেওয়া যায়নি।খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, সংযোগের জন্য এখন সরকারিভাবে টাকা জমা নেওয়া বন্ধ। চালু হলেই ব্যবস্থা নেওয়া হবে।