২৬ ঘণ্টা পর টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার এসবি ঘোষ লেন সড়কের একটি ভাড়া বাসার পরিত্যক্ত টয়লেট থেকে অর্পা রানী পাল (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে নিখোঁজ ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, আড়ুয়াপাড়ার এসবি ঘোষ লেনের বাড়িতে একটি কক্ষে পরিবার নিয়ে ভাড়া থাকেন স্বপন পাল। পাশের আরও কয়েকটি কক্ষে অন্যান্য পরিবার ভাড়া থাকে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে স্বপন পালের মেয়ে অর্পা রানী পাল নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর পাশের বাসার বাসিন্দা তপন (১৮) নামের এক যুবককে আজ শনিবার দুপুরে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। সন্ধ্যার দিকে তপনের ভাড়া বাসার সামনে একটি পরিত্যক্ত টয়লেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, শিশুটির মুখে ও হাতে কাপড় দিয়ে বাঁধা ছিল। গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অর্পার চাচা কমল চন্দ্র পাল বলেন, তপনের ভাড়া বাসার পরিত্যক্ত টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায় অর্পার লাশ পড়েছিল। তার গলায় ফাঁস লাগানো ছাড়াও মুখের মধ্যে কাপড় গোঁজা ছিল। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্বপন পাল বলেন, তাঁর কোনো শত্রু ছিল না। তিন মেয়ের মধ্যে দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটি স্থানীয় শহীদ বীর প্রতীক দিদার কিন্ডারগার্টেনে পড়ত। মা দেবী পাল একই স্কুলে শিক্ষকতা করেন।
রাতে ওই বাড়িতে গিয়ে শত মানুষের ভিড় দেখা যায়। অর্পার মা-বাবাসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন। অর্পার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।