২৬ ছাত্রীর ভর্তি বাতিল বিক্ষোভে পাঠ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং প্রথম বর্ষে অধ্যয়নরত ২৬ ছাত্রীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ভর্তি-প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা দিলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়।
ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এ ইনস্টিটিউটে চলতি শিক্ষাবর্ষে ৬৮ জন ছাত্রী ভর্তি হন। গত সোমবার রাতে ঢাকার ডাইরেক্টর অব নার্সিংয়ের (ডিএলএস) ভারপ্রাপ্ত পরিচালক সুরাইয়া বেগম স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ স্বপ্না রানী হীরার কাছে আসে। এতে ভর্তি হওয়া ৬৮ জনের মধ্যে ২৬ ছাত্রী অসদুপায়ে ভর্তি হয়েছেন অভিযোগ এনে ভর্তি বাতিলসহ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। গত মঙ্গলবার সকাল আটটার দিকে তাঁরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে ওই দিন কোনো পাঠদান হয়নি। গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চৌধুরী শফিকুল আলম ওই দিন বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে দেন।
ভর্তি বাতিল হওয়া ছাত্রীরা জানান, গত ডিসেম্বরে তাঁরা এ ইনস্টিটিউটের দুটি বিভাগে ভর্তি হন। ১ জানুয়ারি থেকে তাঁদের পাঠদান শুরু হয়। সোমবার হঠাৎ ভর্তি বাতিলের আদেশ দেওয়ায় তাঁদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।
ইনস্টিটিউটের নার্সিং ইনচার্জ স্বপ্না রানী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়ার পর ওই ২৬ জনের ভর্তি বাতিল করা হয়েছে।