২৬ জন নাবিকসহ ‘জাহান মণি’ ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত
সোমালিয়ার জলদস্যুদের হাতে ২৬ জন নাবিকসহ আটক বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহাজ মণি’ ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মুক্তিপণের অর্থ নিয়ে জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়েছে। এখন চলছে ওই অর্থ হস্তান্তরের প্রক্রিয়া। পুরো বিষয়টি কঠোর গোপনীয়তায় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাওয়ার পথে গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূলে এমভি জাহান মণি জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা জাহাজটি প্রায় এক হাজার ৪০০ নটিক্যাল মাইল দূরে সোমালিয়ায় নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে ৯০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি টাকা) দাবি করে। সূত্র জানায়, মুক্তিপণের অর্থ নিয়ে দুই মাস ধরে জাহাজটির মালিক ও জলদস্যুদের মধ্যে দর-কষাকষি চলছিল। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এ ব্যাপারে সমঝোতা হয়েছে।এমভি জাহান মণির মালিক সিঙ্গাপুরে অবস্থানরত মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সব নাবিকসহ জাহাজটি ফিরিয়ে আনার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। জলদস্যুরা হাতে টাকা পেলে জাহাজ ছেড়ে দেওয়ার নিশ্চয়তা আমাদের দিয়েছে। তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ জলদস্যুদের কী পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তা জাহাজটির মালিক প্রকাশ করেননি।জাহাজটির মালিক প্রতিষ্ঠান মেসার্স এসআর শিপিংয়ের কর্মকর্তারা আশা করছেন, সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে নাবিকসহ জাহাজটি ফেরত আসবে। সূত্র জানায়, জাহাজটিকে চালিয়ে আনার জন্য নতুন ২৫ জন নাবিকের নিয়োগপ্রক্রিয়া গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন নিয়োগ পাওয়া নাবিকদের ওমানের সালালা বন্দরে পাঠানো হবে। তাঁদের জন্য ওমানের ভিসা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। জলদস্যুরা ছেড়ে দিলে এমভি জাহান মণি সোমালিয়া থেকে প্রথমে কাছের সালালা বন্দরে আসবে। এখানে নবনিযুক্ত নাবিকদের জাহাজে তুলে আগের নাবিকদের নামিয়ে আনা হবে। নবনিযুক্ত নাবিকেরাই জাহাজটি চালিয়ে আনবেন।