২৬ জনের ফাঁসির দণ্ড মওকুফ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত মহাজোট সরকারের পাঁচ বছরে ২৬ জন ফাঁসির দণ্ড পাওয়া আসামির সাজা মওকুফ করেছেন রাষ্ট্রপতি। গতকাল বুধবার সংসদের নির্ধারিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে এ পর্যন্ত রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফৌজদারি মামলায় সাজা পাওয়া ৩৩ ব্যক্তির সাজা মওকুফ বা কমানো হয়েছে। এঁদের মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ৩০ জন ব্যক্তি আছেন। রাষ্ট্রপতি বিশেষ ক্ষমা পাওয়া এসব ব্যক্তির মধ্যে মহিউদ্দিন জিন্টু ও বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের নাম রয়েছে। বাকি তিনজনের কারাদণ্ডের সাজা মওকুফ অথবা কমানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ৩৩ ব্যক্তির মধ্যে ২৬ ব্যক্তির ফাঁসির দণ্ড মওকুফ করা হয়েছে বিগত মহাজোট সরকারের সময়ে। এ ছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দুজন এবং এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আরও দুই ব্যক্তির ফাঁসির দণ্ড মওকুফ করা হয়।
মৃত্যুদণ্ড মওকুফ করা ৩০ ব্যক্তি হলেন: মহিউদ্দিন জিন্টু (ঢাকা), আনিসুর রহমান (নাটোর), মো. সেন্টু, (নাটোর), মো. ফয়সাল (নাটোর), এম এ ফিরোজ (নাটোর), ফারুক শাহ (নাটোর), ফজলুল হক শাহ (নাটোর), জাহিদুল (নাটোর), শাহ জাহান আলী (নাটোর), মো. বাদল (নাটোর), আবদুল জলিল (নাটোর), মো. সোহাগ (নাটোর), এস এম ফকর উদ্দিন (নাটোর), সাজ্জাদ হোসেন (নাটোর), জহুরুল মেম্বার (নাটোর), মো. ফরমাজুল (নাটোর), আবুল হোসেন (নাটোর), আতাউর রহমান (নাটোর), আসাদ (নাটোর), অহিদুল (নাটোর), চান মিয়া (মাদারীপুর), মো. বাবলু (রাজশাহী), মিন্টু ঘোষ (ঢাকা), আবদুল খালেক (ঠাকুরগাঁও), তালেবউদ্দিন (সুনামগঞ্জ), এ এইচ এম বিপ্লব (লক্ষ্মীপুর), বেনজির আহমেদ (ঝিনাইদহ), ইসলাম উদ্দিন (কিশোরগঞ্জ), রাখাল চন্দ্র সাহা (কুমিল্লা) ও শিমন সিং (সিলেট)। কারাভোগের সাজা মওকুফ বা কমানো হয়েছে সিরাজ মিয়া (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল মান্নান (টাঙ্গাইল) ও আবদুল জাব্বারের (লক্ষ্মীপুর)।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) জনবলের সংকট রয়েছে। সংকট নিরসনে সিএমপির কাঠামোতে দুই হাজার ২৩২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কত, তার কোনো জরিপ হয়নি।
বিদ্যুতের দাম বাড়ানো গরিব মারার ফাঁদ: বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াকে গরিব মারার ফাঁদ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি এ প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, যে ছয়টি ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেখানে চরম বৈষম্য রয়েছে। আবাসিকের ছয়টি ধাপের তিনটি ধাপে নিম্ন আয়ের লোকজন। বিদ্যুতের দাম বাড়ানো হলে নিম্ন আয়ের লোকজন চরম বিপদে পড়বে।