২৬ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জাতীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, ২৬ জানুয়ারির অর্ধবেলা হরতাল অন্য সব হরতাল থেকে আলাদা। এটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের হরতাল। সৃজনশীলতা, সৃষ্টির, সম্পদ রক্ষা ও বাংলাদেশকে রক্ষা করার হরতাল। হরতালে সব পর্যায়ের মানুষের অংশগ্রহণই বাংলাদেশকে রক্ষা করতে পারে। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এক পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় কমিটি ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল ও সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। হরতালের সমর্থনে জাতীয় কমিটি এই পদযাত্রা সমাবেশের আয়োজন করেছে।
সরকারকে সুন্দরবনবিনাশী প্রকল্প বন্ধের আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘এর মধ্যে যদি প্রকল্প বন্ধ রাখেন, আমরা হরতাল বাতিল করব। সুন্দরবনবিনাশী প্রকল্প বন্ধ হবে। আমাদের আন্দোলন-হরতালও বন্ধ হবে। যদি সুন্দরবনবিনাশী কার্যক্রম চালিয়ে নেওয়া হয়, বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে—তা হতে পারে না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা হরতাল শান্তিপূর্ণভাবে করব। সেখানে যদি কেউ হামলা চালায়, অন্তর্ঘাত করতে চায়, সহিংসতা সৃষ্টি করতে চায়, এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।’
সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ(মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা শিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পদযাত্রাটি গুলিস্তানে গিয়ে শেষ হয়। পদযাত্রা থেকে হরতাল সফল করার সমর্থনে প্রচারপত্র বিতরণ করা হয়।