২৬ জুলাই থেকে জেলা প্রশাসক সম্মেলন
আগামী ২৬ জুলাই থেকে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে সন্ত্রাস ও উগ্রবাদী তৎপরতার বিষয়ে জেলা প্রশাসকদের আরও সতর্ক থাকতে বলা হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করা হবে।
এবারের সম্মেলনে মোট ২২টি অধিবেশন থাকবে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ৩৩৬টি প্রস্তাব জমা দিয়েছেন। সর্বোচ্চ ২৭টি প্রস্তাব জমা পড়েছে ভূমি-সংক্রান্ত। জনপ্রশাসন-সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে ২৫টি।
আজ রোববার এক ব্রিফিংয়ে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের সম্মেলনে ভূমি-ব্যবস্থাপনার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। দ্বিতীয় অগ্রাধিকারে থাকবে আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত বিষয়। এ ছাড়া সম্মেলনে স্থানীয় সরকারের কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম মূল্যায়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।
মোহাম্মদ শফিউল আলম বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকদের ইতিমধ্যে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে তাঁদের আরও সতর্ক থাকতে বলা হবে। বিশেষ করে বিভাগ ও জেলাপর্যায়ে থাকা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি আরও কার্যকর করতে পরামর্শ দেওয়া হবে। একই সঙ্গে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটিগুলো যাতে আরও কার্যকর হয়, সে জন্য জেলা প্রশাসকদের ভূমিকা নিতে বলা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনে মাঠপর্যায়ের কর্মকর্তারা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তা নিয়ে আলোচনা হবে। সমাধানের উপায় খোঁজ করা হবে। সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়গুলো।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের তিনটি জেলা প্রশাসন সম্মেলনের প্রায় সব সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৩ সালের সম্মেলনে মোট ৪৭৪টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয় ৪৩৬টি সিদ্ধান্ত। ২০১৪ সালে মোট সিদ্ধান্ত হয় ৪৬৪টি। বাস্তবায়ন হয় ৪৩২টি। গত বছরের সম্মেলনে মোট ৪৭৮টি সিদ্ধান্ত নেওয়া হয়। বাস্তবায়ন হয় ৪৪৭টি।
ব্রিফিংয়ে জানানো হয়, এবারের সম্মেলনে নতুন সংযোজন হচ্ছে ‘ইনোভেশন সামিট’ নামের একটি অধিবেশন। ২৮ জুলাই এই সামিট অনুষ্ঠিত হবে। এতে সচিবালয় বা মাঠপর্যায়ে যত ধরনের উদ্ভাবন আছে, সেগুলো তুলে ধরা হবে।