২৬ ডিসেম্বর ঢাকায় পথসভা করবেন খালেদা জিয়া
নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৬ ডিসেম্বর রাজধানীতে গণসংযোগ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর অংশ হিসেবে ওই দিন কয়েকটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সমন্বয়ক ও মুখপাত্র তরিকুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মসূচি বানচাল ও নেতাদের হত্যা করার জন্য সরকার ‘শীর্ষ সন্ত্রাসীদের’ কারাগার থেকে ছেড়ে দিচ্ছে। তরিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে বিকাশ নামের এক শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গর্বভরে বলেছেন, আইনি প্রক্রিয়ায় বিকাশকে মুক্তি দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতাদের হত্যা করতে আরও ১১ জন ‘কিলার’কে সরকার জেল থেকে ছেড়ে দিতে পারে বলে তরিকুল আশঙ্কা প্রকাশ করেন।বিএনপির মুখপাত্র দাবি করেন, ‘দেশে এখন অঘোষিত ইমার্জেন্সি চলছে। আর এই ইমার্জেন্সি বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রাইভেট কিলার বাহিনী। বিরোধী দলকে দমানোর জন্য তাঁরা পুলিশ ও র্যা বকে দলের ভাড়াটে বাহিনীতে পরিণত করে ক্ষান্ত হননি, যুবলীগ ও ছাত্রলীগকে সশস্ত্র করে মানুষ হত্যার ফ্রি লাইসেন্স দিয়েছেন।’গতকাল নয়াপল্টনে বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভা করতে না দেওয়া এবং মুক্তিযোদ্ধা সমাবেশের জন্য আগামীকাল গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বাইরের অংশ ব্যবহারের অনুমতি না দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেন তরিকুল ইসলাম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারসহ সারা দেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান। গত ২৮ নভেম্বর নয়াপল্টনের সমাবেশে দেওয়া ঘোষণা অনুযায়ী, ২৬ ডিসেম্বর খালেদা জিয়া ঢাকায় ও ১৮ দলীয় জোটের নেতারা সারা দেশে গণসংযোগ করবেন। এর আগে ১৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ, ২৩ ডিসেম্বর থানা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে। গতকালের যৌথ সভায় এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়।