২৬ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল-ওরিয়ন তাপবিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প বাতিলের দাবিতে ২৬ ডিসেম্বর দেশব্যাপী ‘দাবি দিবস’ পালনের আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে জাতীয় কমিটির এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। দাবি দিবসে সারা দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ হবে। এ ছাড়া আগামী ২৬ জানুয়ারি সারা দেশে অর্ধদিবস হরতাল পালনের কথাও বলা হয়েছে।
সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, সচেতন মানুষের দাবিকে উপেক্ষা করে এসব প্রকল্প স্থাপনের অপচেষ্টা দেশবাসী প্রতিহত করবে। জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় অধ্যাপক এম এম আকাশ, প্রকৌশলী বিডি রহমত উল্লাহ, রুহিন হোসেন, ফিরোজ আহমেদ, নজরুল ইসলাম, নাসিরউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।