২৬ ডিসেম্বর সরকার প্রতিক্রিয়া জানাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সে বিষয়ে ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে সরকার। ওই দিন বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতসহ বিরোধী দলের পক্ষ থেকে ট্রাইব্যুনাল নিয়ে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং ষড়যন্ত্র চলছে, সে বিষয়ে আমরা সরকারের অবস্থান জানাব। আইনের শাসনের জন্যই এটা করা হবে।’স্কাইপে আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনের জের ধরে ওঠা বিতর্কের মুখে ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক। বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। গত বুধবার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন করেছে আসামিপক্ষ। বিচারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা বলছেন, এটা বিচার বিলম্বিত বা বানচাল করার অপকৌশল। এই অবস্থায় সরকার আনুষ্ঠানিক অবস্থান জানানোর সিদ্ধান্ত নিয়েছে।