২৬ দিন ধরে দুটি গ্রাম বিদ্যুৎহীনবিক্ষোভ
ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দুটি গ্রামের প্রায় তিন হাজার বাসিন্দা ২৬ দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় জীবন যাপন করছেন। বিদ্যুতের দাবিতে গ্রাম দুটির বাসিন্দারা গতকাল সোমবার সকালে লাঠি মিছিল করেন।
গ্রামবাসী জানান, ভৈরব উপজেলার শিমুলকান্দি আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের শ্রীনগর ইউনিয়নের জাফরনগর এলাকার ট্রান্সফরমারটি গত ২৩ মে বিকল হয়ে যায়। এ কারণে জাফরনগর ও মাধবপুরের একাংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ট্রান্সফরমারটি মেরামতের জন্য বলা হলে বিদ্যুৎ কার্যালয় থেকে ১৮ হাজার টাকা দাবি করা হয়। গ্রামবাসী এক দিনের মধ্যে ওই টাকা আবাসিক প্রকৌশলীর হাতে তুলে দেন। ওই প্রকৌশলী দুদিনের মধ্যে ট্রান্সফরমারটি মেরামতের আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত মেরামত করা হয়নি। বিদ্যুতের দাবিতে গ্রামবাসী গতকাল সকালে লাঠি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
অর্থ নেওয়ার কথা অস্বীকার করে শিমুলকান্দি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবদুর রহিম বলেন, বিকল ট্রান্সফরমার মেরামতের সিরিয়াল পেতে ১৫ দিন সময় লাগে। এ কারণে দেরি হচ্ছে।