নওগাঁর মান্দা উপজেলায় অপহরণের ২৬ দিন পর সোহেল রানা (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি বউমারিডাঙ্গা এলাকায় ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় সোহেলের চার বন্ধুকে আটক করেছে পুলিশ।
সোহেল উপজেলার কামারকুড়ি গ্রামের কাঠ ব্যবসায়ী জনাব আলীর ছেলে ও আলহেরা কৃষি কলেজের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর পারইল গ্রামের মোক্তাদুর আহসান (২০), মোস্তফা কামাল (২০), সাজেদুর রহমান (১৯) ও শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের এখলাসুর রহমান (২০)। মোক্তাদুর ও এখলাসুরের জবানবন্দির সূত্র ধরে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
সোহেলের ভগ্নিপতি আইনাল হক বলেন, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে মান্দা ফেরিঘাট এলাকা থেকে সোহেল নিখোঁজ হন। এ ঘটনায় ১২ ফেব্রয়ারি মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকেই একটি চক্র সোহেলকে ফেরত দিতে মুঠোফোনে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় সোহেলের বাবা ১ মার্চ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম জানান, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে সোহেলকে মুঠোফোনে ফোন দিয়ে মোক্তাদুর ও এখলাসুর নীলকুঠি এলাকায় ডেকে নেন। সেখানে বউমারিডাঙ্গার খালের ধারে নিয়ে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে সোহেলকে হত্যা করা হয়। পরে তাঁরা লাশটি খালের ধারে একটি জমিতে পুঁতে রাখা হয়।
এএসপি আরও জানান, মুঠোফোনে কলের সূত্র ধরে সোহেলের চার বন্ধুকে গত বুধবার রাতে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি হাতুড়ি ও কোদাল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার নওগাঁ আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।