২৬ দিন পর শরীয়তপুর থেকে ১ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের নেতা রাশেদ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে শরীয়তপুর জেলার বালাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার শরীয়তপুর থেকে মো. আমিন ওরফে কসাই আমিনকে (৩৩) গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গতকাল শনিবার দুপুরে র‌্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গত ১১ আগস্ট রাতে রাঙ্গুনিয়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী (৩০)। এ ঘটনায় নিহতের ভাই কামাল চৌধুরীও আহত হন। র‌্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আমিন। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। হত্যার ঘটনায় ১৫-২০ জনের একটি দল জড়িত ছিল। আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।’হত্যাকাণ্ডের রাতের ঘটনা বর্ণনা করে গ্রেপ্তার আমিন বলেন, ‘ইসলামপুরের আরএমবি ইটভাটায় বিএনপি-সমর্থক ইলিয়াস, নাছির, মাহবুব, বেলাল, নাজিম, আইয়ুব আলী, কালা মান্নানসহ কয়েকজন মিলে পরিকল্পনা করে। রড-ছোরা নিয়ে কামাল চৌধুরীর বাড়িতে হামলা চালাতে যায়। তারা আমাকে জোর করে নিয়ে যায়। আমি কামাল চৌধুরীর হাতে রড দিয়ে একটা আঘাত করেছিলাম।’ গত ১১ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখা যুবদলের ৫০-৬০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। এ নিয়ে এলাকার রানীর হাটে স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের সঙ্গে বিএনপি থেকে যোগদানকারীদের সংঘর্ষ হয়। এর জের ধরে কামাল চৌধুরীর বাড়িতে হামলা চালানো হয়। হামলায় কামাল ও তাঁর ভাই রাশেদ গুরুতর আহত হন। পরে রাশেদ মারা যান।