২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
রংপুরের পীরগাছায় অপহরণের ২৬ দিন পর গত রোববার এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের চার লাখ টাকা না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করেছে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক হওয়া এক তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।
নিহত শিশুর নাম রিয়া আক্তার (৭)। সে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামের আবদুর রহিমের মেয়ে ও পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। গত ২৪ ডিসেম্বর তাকে অপহরণ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশের আঙিনায় খেলাধুলা করার সময় গত ২৪ ডিসেম্বর বিকেলে রিয়াকে অপহরণ করা হয়। পরদিন অপহরণকারীরা আবদুর রহিমের মুঠোফোনে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে মেয়েকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এরপর অপহরণকারীরা বেশ কয়েকবার ফোন দিয়েছে। এ ঘটনায় রহিম বাদী হয়ে গত ৩১ ডিসেম্বর পরান গ্রামের আবু জাফর ওরফে জুয়েলসহ (৩৮) ছয়জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলা করার পর ১ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রংপুর-১৩-এর সদস্যরা অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আবু জাফর ও বড় পানসিয়া গ্রামের রাসেল মিয়াকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন। পীরগাছা থানার পুলিশ ১৮ জানুয়ারি সন্দেহভাজন আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গত রোববার বিকেলে একই গ্রামের সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিনের স্বীকারোক্তির ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পীরগাছা থানার পুলিশ পরান গ্রামের আবদুল হকের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে রিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পীরগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, অপহরণকারীরা মুক্তিপণের টাকা না পেয়ে রিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। তারা গত ৩১ ডিসেম্বর এ ঘটনা ঘটায়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর সালাউদ্দিন এসব তথ্য দিয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, খুন হওয়ার খবর জানতে পেরে রিয়ার বাবা আবদুর রহিম ও মা লাভলী বেগম (৩৫), বোন রুনা আক্তারসহ আত্মীয়স্বজনেরা আহাজারি করছেন।