২৬ দিন পরই ভেঙে পড়ল নবনির্মিত ভবনের রেলিং
উদ্বোধনের ২৬ দিন পরেই ভেঙে পড়ল লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের দোতলার পশ্চিম দিকের একটি রেলিং। এ সময় ঘটনাস্থলের মাত্র দুই হাত দূরে দাঁড়িয়ে থাকা কলেজের কয়েকজন ছাত্র দৌড়ে সরে পড়ায় অল্পের জন্য রক্ষা পায়। আতঙ্কিত হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
গত ১৬ আগস্ট লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ সাঈদ ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কলেজের বহুতল একাডেমিক ভবনটির উদ্বোধন করেন। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।
কলেজের একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র বলে, তারা ওই রেলিংটির দোতলা থেকে মাটিতে পড়ার সময় ঘটনাস্থলের মাত্র দুই হাত দূরে ছিলেন। হঠাৎ রেলিংটি ভেঙে পড়তে দেখে দৌড়ে সরে যান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উম্মে সালমা খানম বলেন, এভাবে সদ্যনির্মিত ভবনের রেলিং ভেঙে পড়া বিপজ্জনক ঘটনা। শিক্ষার্থীদের ওপর এটা ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটত। ঘটনাটি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে মতামত দিয়েছেন। প্রাপ্ত মতামত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানাকে অবহিত করা হয়েছে।
লালমনিরহাট জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সরওয়ার হোসেন বলেন, ‘আমি আজ (শনিবার) রংপুরে নিজ বাড়িতে যাচ্ছি। ফিরে এসে ঘটনাস্থল পরিদর্শন করে কেন এমন হলো, তা খতিয়ে দেখে ঊর্ধ্বতন মহলকে অবহিত করব।’
কলেজ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজের বহুতল একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করেন মো. গোলাপ হোসেন নামের স্থানীয় এক ঠিকাদার।
ভবনটির নির্মাণকারী ঠিকাদার গোলাপ হোসেন বলেন, ‘ছাদের সঙ্গে রেলিংয়ের রডের সংযোগের ত্রুটির কারণে রেলিংটি ভেঙে পড়তে পারে। তবে এ ঘটনার জন্য আমি একা দায়ী না। প্রকৌশলী, কলেজ কর্তৃপক্ষ এবং রাজমিস্ত্রিসহ সবাইকে এর দায়িত্ব নিতে হবে।’